হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি

ক্যাম্পাস ডেস্ক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস্) ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশের (এলইবি) যৌথ আয়োজনে দ্বিতীয় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬। শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এ আয়োজনের উদ্বোধন হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৫০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, সংসদীয় কার্যক্রম, বিতর্ক ও আইনগত বিশ্লেষণের বাস্তব অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হকসহ আয়োজক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে নীতিপত্র উপস্থাপন, প্রশ্নোত্তর, নীতিপ্রস্তাব ও সংশোধনী নিয়ে আলোচনা, ক্যাম্পাস ট্যুর এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রথম দিনের কার্যক্রম শেষে বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শহরের উদ্দেশে যাত্রা করেছে।

আয়োজকদের মতে, এটি কেবল একটি আইনসভা অনুকরণমূলক আয়োজন নয়; বরং তরুণদের নেতৃত্ব, গবেষণা, আইনগত বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য দেওয়া, নীতিনির্ধারণী সক্ষমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।

শনিবার (২৯ আগস্ট) সংশোধনী পর্যালোচনা, খসড়া বিলের ওপর ভোট এবং বিল গ্রহণের পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয়েছে।