হোম > শিক্ষা > ক্যাম্পাস

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ক্যাম্পাস ডেস্ক 

ছবি: সংগৃহীত

জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে জাপানের সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকাতসুকি জাপানিজ কালচার সেন্টার (এজেসিসি) ল্যাঙ্গুয়েজ স্কুল। আকাতসুকি গ্লোবাল পার্টনার্স কোং লিমিটেডের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি।

এজেসিসির মূল লক্ষ্য জাপানকে বাংলাদেশের আরও কাছে নিয়ে আসা এবং দেশটির ভাষা, সংস্কৃতি ও বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে আগ্রহীদের সহযোগিতা করা। আকাতসুকি গ্লোবাল পার্টনার্স কোং লিমিটেডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করতে চায় প্রতিষ্ঠানটি, যাতে তারা জাপানের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে পারে।

‘আকাতসুকি’ শব্দের অর্থ ‘ভোর’। অর্থাৎ নতুন সূচনা ও সম্ভাবনা। এই নামকে ধারণ করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে সহযোগিতা করতে চায়। প্রতিটি শিক্ষার্থীকে একটি স্বপ্ন নিয়ে এগিয়ে আসা মানুষ হিসেবে বিবেচনা করে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সহযোগিতা করাই প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।

এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুল কর্তৃপক্ষ জানায়, ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশের জন্য একটি আন্তরিক ও পেশাদার পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি সম্মানবোধ, সময় ব্যবস্থাপনা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সুসংগঠিত কোর্স ও নিবেদিত প্রশিক্ষকদের মাধ্যমে পাঠদান, শিষ্টাচার চর্চা ও ব্যক্তিত্বের বিকাশে সহায়তা, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতির সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থী, তাদের পরিবার ও বৃহত্তর সমাজের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে আকাতসুকি গ্লোবাল পার্টনার্স কোং লিমিটেডের একজন ব্যবস্থাপক বলেন, ‘ভাষা মানে শুধু ব্যাকরণ আর শব্দভান্ডার নয়। এর মূল উদ্দেশ্য মানুষ ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করা এবং জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা। এই স্কুলটিই সেই সেতু। আমরা চাই, এটি বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার একটি উৎকৃষ্ট কেন্দ্র হয়ে উঠুক, যেখানে প্রতিটি শিক্ষার্থী ধাপে ধাপে সঠিক দিকনির্দেশনা পাবে এবং নিজেদের দক্ষভাবে প্রস্তুত করতে পারবে।’

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত ও পরিচিতিমূলক বক্তব্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অতিথির বক্তব্য এবং এজেসিসি, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে কর্মরত সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে আলোকচিত্র ধারণ, পারস্পরিক মতবিনিময় ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।