হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা

ঢাবি প্রতিনিধি

ঢাবি টিএসসিতে দাবা প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র‌্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার টিএসসি মিলনায়তনে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

তরুণদের মধ্যে দাবাচর্চার প্রসার, মানসিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক চিন্তার বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, সাজেদা আক্তার, ফারিহা সুমনা ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফারজানা রহমান।

বক্তারা বলেন, মানসিক সুস্থতার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলা মনোযোগ, চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন সুব্রত বিশ্বাস। ৬ পয়েন্ট নিয়ে প্রথম রানারআপ হন মোহাম্মদ শফিকুল ইসলাম। ৫ দশমিক ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রানারআপ হন অমিত বিক্রম রায়।

স্কুল-কলেজ বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রায়ান রশিদ মুগ্ধ। ৬ পয়েন্ট পেয়ে প্রথম রানারআপ হন মো. আজমাঈন পারভেজ সায়র। ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন সাফায়াত কিবরিয়া আজান।

দুই বিভাগের সেরা ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের নগদ অর্থ, ট্রফি ও পদক দেওয়া হয়।

আয়োজকেরা ভবিষ্যতে আরও বড় পরিসরে তরুণদের মেধা বিকাশ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।