শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন অনুষদের শিক্ষক, উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। ১৬ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা বলেন, ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে এসে সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসঙ্গে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি আরও বলেন, অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা উচিত। যেকোনো প্রয়োজনে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি অভিভাবকদের পরামর্শ দেওয়া এবং তাঁদের মতামত গ্রহণেও বিশ্ববিদ্যালয় প্রস্তুত।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলা এবং উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার উত্তরা ইউনিভার্সিটির একটি ঐতিহ্যবাহী আয়োজন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়টি আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে নিরলস কাজ করছে। স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই ছাদের নিচে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সহজে সম্পন্ন করার ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকেরা জানান, মেলায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের অধীনে ১৪টি বিভাগের পৃথক স্টল রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও স্থান পেয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, তাৎক্ষণিক ভর্তির ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।
মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিটি স্টলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুযোগ-সুবিধা, গবেষণার ক্ষেত্র, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।