হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির হীরকজয়ন্তীতে ছাত্রদল-শিবির হাতাহাতি, থমথমে পরিস্থিতি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে শিবিরের দুজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যস্থতায় দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দ মিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের মুখোমুখি হন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করতে দেখা যায়।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে আজ। বড় ভাই-আপুরা এসেছেন। আমরা সবাই আনন্দ করব। এর মধ্যে শিবিরের নেতা-কর্মীরা উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, এটা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও বিভিন্নজনকে আঘাত করা শুরু করেছিল।’

নোমান আরও বলেন, ‘আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছি। আমরা চাই, উৎসবটি সুন্দরভাবে শেষ হোক।’

চাকসু ভিপি ও চবি শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবে না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’

রনি আরও বলেন, ‘আমাদের মেফতাহুল আবেদিন আশিক এবং চাকসুর সাবেক পাঠাগার ও সম্পাদক মাসুম বিল্লাহকে আহত করা হয়েছে। মাসুমের বুকে ঘুষি দেওয়া হয়েছে ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মাসুমের হাঁটুর দিকে পা কেটে গেছে।’

চবি মেডিকেলের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘মাসুম বিল্লাহ ও আশিক নামের দুই শিক্ষার্থী বুকে ব্যথা পেয়ে এখানে এসেছেন। আমরা তাঁদের পর্যবেক্ষণ করছি। তাঁদের এক্স-রে করার জন্য শহরের মেডিকেলে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দ মিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।’