হোম > শিক্ষা > ক্যাম্পাস

সিঙ্গাপুরের উন্নয়ন থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে: ইউআইইউ সেমিনারে বক্তারা

বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

সিঙ্গাপুরের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন দেশটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার এবং ‘সিঙ্গাপুর: এ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বইটির লেখক ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিবুল মোস্তফা। বইটিতে সিঙ্গাপুরের জাতি গঠন ও উন্নয়নের ধারাবাহিক যাত্রার একটি বিশদ চিত্র তুলে ধরেছেন। দেশটির রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন উপাদান, নীতি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং কৌশলগত উদ্যোগের বিশ্লেষণ স্থান পেয়েছে।

পাশাপাশি সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী কী শিক্ষা গ্রহণ করতে পারে, তা চিহ্নিত করার প্রয়াস রয়েছে। সেমিনারে সিঙ্গাপুর কীভাবে জাতি গঠন ও উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য দেশটির অভিজ্ঞতা থেকে কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কূটনীতিক, শিক্ষাবিদ, বইটির লেখক ও প্রকাশক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হেড অব মিশন মি. ফিলিপ ওং। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসনের কঠোর প্রয়োগ, জাতীয় ঐক্য, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কার্যকর পররাষ্ট্রনীতি সিঙ্গাপুরের উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপের পাশাপাশি সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা দেশটিকে অগ্রগতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ছবি: বিজ্ঞপ্তি

বইটির লেখক ইউআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. রাকিবুল মোস্তফা সিঙ্গাপুরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বইটি লেখার পেছনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সিঙ্গাপুরে অবস্থানকালে দেশটির মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, স্বনির্ভরতা এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে সরকারের প্রতি জনগণের আস্থা তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে। মায়ের চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে ভ্রমণের সময় অর্জিত অভিজ্ঞতাই তাঁকে বইটি লেখার অনুপ্রেরণা জুগিয়েছে বলে তিনি জানান।

প্রকাশক ও আলোচক, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মিসেস মাহরুখ মহিউদ্দিন বলেন, বইটি নিছক কোনো সাধারণ গল্প নয়; বরং এটি একটি জাতির মেধা, সংবেদনশীলতা ও দৃঢ়তার অনন্য আখ্যান। এ ছাড়াও তিনি লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রচিত এ ধরনের মানসম্মত বই ভবিষ্যতে পাঠকদের উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচক, সিঙ্গাপুর ও ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুর কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে থাকে। এ ছাড়াও তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অনুসরণের মাধ্যমে দেশটি উন্নয়নের শিখরে পৌঁছেছে।

সেমিনারের মডারেটর, ইউআইইউ’র এসওবিই’র উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, জাতীয় সক্ষমতা তৈরি এবং নিজস্ব সামর্থ্য বৃদ্ধিতে সিঙ্গাপুরের দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। দেশটির শিক্ষাব্যবস্থা ও শিক্ষা-সংক্রান্ত ধারণা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশই উপকৃত হতে পারে। এ ছাড়াও তিনি, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর রেজিস্ট্রার ও সাবেক রাষ্ট্রদূত ডা. মো. জুলফিকার রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।