হোম > শিক্ষা > ক্যাম্পাস

সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট ফোরামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক 

রাজধানীর সরকারি বাঙলা কলেজ শিক্ষক মিলনায়তনে ‘সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট ফোরাম’-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের প্রাক্তন রোভার স্কাউটদের অংশগ্রহণে আয়োজিত সভায় সংগঠনের প্রস্তাবিত ‘খসড়া গঠনতন্ত্র’ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। পরে উপস্থিত প্রাক্তন সদস্য ও নেতৃবৃন্দ গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে খসড়াটি পর্যালোচনা করা হয়।

সভায় যৌথ মতামতের আলোকে প্রয়োজনীয় সংশোধন করে গঠনতন্ত্রটির চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রাক্তন রোভার স্কাউট ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা বলেন, প্রাক্তন রোভারদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন তৈরি করাই ফোরামের অন্যতম লক্ষ্য। পাশাপাশি স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় কলেজের প্রাক্তন রোভার স্কাউট সদস্যদের পাশাপাশি সাবেক রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর আব্দুল হালিম ও প্রফেসর ড. কামাল উদ্দিন শামীম উপস্থিত ছিলেন।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত ও চূড়ান্ত গঠনতন্ত্র প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।