সবুজে সাজুক প্রকৃতি, নির্মল হোক পরিবেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পাঠকবন্ধু বগুড়া জেলা শাখা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম অংশের বিভিন্ন সড়ক ও মুনসুর হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মোট ১০০ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, দৃষ্টি এক্সপোর্টের কর্ণধার বাচ্চু মোহাম্মদ, ব্যবসায়ী আবু হাসান, কনটেন্ট ক্রিয়েটর মেহেদী জামান সুফল, জুয়েল ও মিল্লাত।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাঠকবন্ধু বগুড়া জেলা শাখার সভাপতি নাজমুল হাসান আনান, সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মানিক, সহসভাপতি শামীম রেজা ও সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এ সময় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য রাসেল, সালমির, আবদুল গফুর, সিয়াম, তানভীর, সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁদের মতে, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, জীবনের জন্যও অপরিহার্য ভূমিকা রাখে।
আব্দুর রউফ রুবেল বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোর বেড়ে ওঠাও নিশ্চিত করতে হবে।
পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাঠকবন্ধুর সদস্যরা। তাঁদের প্রত্যাশা, আজকের ছোট ছোট চারা একদিন বড় হয়ে ছায়া দেবে, প্রকৃতিকে করবে আরও সবুজ, আর আগামী প্রজন্মের জন্য গড়ে তুলবে নির্মল ও প্রাণবন্ত পরিবেশ।