হোম > শিক্ষা > ক্যাম্পাস

৪২ কর্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতিশীলতা

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ব্যাপক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে সময়োপযোগী ও বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও দ্রুততর করতে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবস্থা চালু করা হয়েছে, যার ইতিবাচক প্রভাব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে পরীক্ষা ব্যবস্থাপনায় আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। পরিকল্পিত ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং দক্ষ সমন্বয়ের ফলে পরীক্ষার ফলাফল প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল দ্রুততার সঙ্গে ও নির্ভুলভাবে প্রকাশের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে। সম্প্রতি মাত্র ৪২ কর্মদিবসের (ছুটিসহ ৫৩ দিন) মধ্যে প্রকাশ করা হয়েছে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৪-এর ফলাফল, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অভূতপূর্ব প্রশাসনিক গতিশীলতার প্রমাণ।

আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪২ কার্যদিবসের মধ্যে খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১১ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে ধরা যায়।

গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২০২৪- এর দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে ১৮ মে শেষ হয়। পরীক্ষা-পরবর্তী সময়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১১ দিনের সরকারি ছুটি থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার দেশের ১ হাজার ৯১৫টি কলেজের মোট ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের যে অঙ্গীকার আমরা গ্রহণ করেছি, দ্রুত সময়ে ফলাফল প্রকাশ তারই একটি বাস্তব প্রতিফলন। স্বচ্ছতা বজায় রেখে মাত্র ৪২ কর্মদিবসের মধ্যে নির্ভুলভাবে ফল প্রকাশ আমাদের প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ঈদের দীর্ঘ সরকারি ছুটি থাকা সত্ত্বেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই এবং ফল প্রস্তুতের কাজ সমন্বিতভাবে পরিচালিত হয়েছে। ফলে স্বল্প সময়ে নির্ভুল ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। আশা করছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আরও দ্রুত কীভাবে ফলাফল প্রকাশ করা যায়, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

রেকর্ড কম সময়ের মধ্যে রেজাল্ট পেয়ে উচ্ছ্বসিত সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা। ফল প্রকাশের দ্রুততায় সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘আগে ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন খুব দ্রুত ফল প্রকাশিত হওয়ায় আমাদের পরবর্তী বর্ষের প্রস্তুতি ও অ্যাকাডেমিক পরিকল্পনা সহজ হয়েছে।’

রাজশাহী কলেজের শিক্ষার্থী আবিদ ইসলাম বলেন, ‘ঈদের দীর্ঘ ছুটির পরও এত দ্রুত ফল প্রকাশ পাবে, তা ভাবিনি। এবার আমাদের আর সময় নষ্ট হয়নি, ফলে উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতির পরিকল্পনাও এগিয়ে নেওয়া সহজ হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বৈপ্লবিক পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন দেশের শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরাও। তাঁরা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একসময় দীর্ঘ সেশনজট ও ফল প্রকাশের বিলম্বের জন্য সমালোচিত হতো। তবে সাম্প্রতিককালে প্রশাসনের সদিচ্ছা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মদক্ষতার কারণে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। মাত্র ৪২ কর্মদিবসে ফল প্রকাশ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে। এই অর্জন দেশের বৃহৎ শিক্ষার্থী জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাবিতে আর্থিক অনিয়মে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার হাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্ব

ইউল্যাবে চলছে তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা

প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা

ববি উপাচার্যের ‘জিরো টলারেন্স’ ঘোষণার দিনই র‍্যাগিংয়ে নাজেহাল অর্ধশত শিক্ষার্থী