তৃতীয় বর্ষে পদার্পণ করল পাঠকবন্ধু। গতকাল দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির বিভিন্ন শাখায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসবের মধ্যে ছিল কেক কাটা, বৃক্ষরোপণ, পাঠচক্র, কর্মশালা এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
নারায়ণগঞ্জে অবস্থিত আর পি সাহা বিশ্ববিদ্যালয় (আরপিএসইউ) শাখায় দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি, পাঠচক্র, কর্মশালা এবং ছোট শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিনটি উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রয়। তিনি পাঠকবন্ধুর কার্যক্রমের প্রশংসা করে শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরপিএসইউ পাঠকবন্ধুর ছাত্র উপদেষ্টা মো. আসাদুজ্জামান এবং সহকারী ছাত্র উপদেষ্টা মারজানা আলম।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে পাঠকবন্ধুর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। গতকাল শনিবার বিকেল ৫টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠানে সদস্যরা একে অপরকে কেক খাইয়ে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করে নেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এ ছাড়া পাঠকবন্ধুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল এবং বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেক কাটার মধ্য দিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা পাঠকবন্ধুর দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার আহ্বায়ক সজল সৌরভ, সদস্যসচিব ইমন, সদস্য মাহিম চাকলাদার, তানিম সরকার, আরমান ইসলাম সিয়াম, সারোয়ার হোসেন, জুনায়েদ হোসেন, প্রসেনজিৎ রায়, জুবায়ের হোসেন অলীসহ অনেকে। পাঠকবন্ধুর পরবর্তী পরিকল্পনায় সদস্য সংগ্রহ, বই বিতরণসহ বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের ব্যানারে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে পাঠকবন্ধু বগুড়া জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এম রহমান সাগর, সভাপতি নাজমুল হাসান আনান, সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করার ঘোষণা দেওয়া হয়। উপস্থিত সদস্যরা জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ প্রসারে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
কেক কাটার মধ্য দিয়ে পাঠকবন্ধু বরিশাল জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জান্নাতুল নাইম, মো. মামুন খান, হৃদয় রাকিব, মাঈনুল ইসলাম, আব্দুর রহমান রাজিব, সিরাজুল মুনির সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। অনুষ্ঠান শেষে সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল এবং বিস্তৃত পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে পাঠাভ্যাস গড়ে তোলা, মানবিক ও সামাজিক কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।