হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবি প্রক্টরের পদত্যাগ, নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম

জাবি প্রতিনিধি 

অধ্যাপক ড. আব্দুল হালিম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের অনুরোধে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, নবনিযুক্ত প্রক্টর প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দায়িত্বসংশ্লিষ্ট সুযোগ-সুবিধাদি ভোগ করবেন। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সার্টিফিকেট যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বের বিষয়ে অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, গত ২৯ জুলাই দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।