উন্নয়নের ডামাডোলে যখন হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, তখন ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। ইট-কাঠের অট্টালিকার ফাঁকে গড়ে ওঠা এই সবুজ প্রাঙ্গণ যে বন্য প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল, তার প্রমাণ মিলেছে একদল গবেষকের অনুসন্ধানে। গবেষণায় ক্যাম্পাসে ১৩১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশ জার্নাল অব জুওলজির ৫৩তম খণ্ডের প্রথম সংখ্যায় প্রকাশিত গবেষণায় নোবিপ্রবিকে সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক বছর ধরে সরাসরি লাইন ট্রানসেক্ট, প্লট কাউন্টিং ও স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন গবেষকেরা।
শনাক্ত হওয়া ১৩১ প্রজাতির মধ্যে রয়েছে ৯৭ প্রজাতির পাখি, ১৬ প্রজাতির সরীসৃপ, ১৩ প্রজাতির স্তন্যপায়ী ও ৫ প্রজাতির উভচর প্রাণী। সবচেয়ে বেশি এশিয়ান কমন টোড, ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ড, হাউস স্প্যারো বা চড়ুই এবং গোল্ডেন জ্যাকল বা সোনালি শিয়াল।
গবেষণার সবচেয়ে চমকপ্রদ দিক হলো, ক্যাম্পাসে পাওয়া গেছে দেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলক বিরল বেশ কয়েকটি প্রাণী। এর মধ্যে রয়েছে একচোখো ও দুচোখো গোখরা, সুন্দি কাছিম, ছোট তুলা হাঁস, ছোট বালুচর চ্যাংড়া, বন চ্যাংড়া, গালঠোঁট টার্ন, বেগুনি বক, মেছো বাঘ, রেশাস বানর ও চূড়াধার সজারু। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) ২০২১ সালের লাল তালিকা অনুযায়ী, এখানে বিপন্ন ইন্ডিয়ান আইড টার্টল, ইন্ডিয়ান রুফড টার্টল এবং হুমকির মুখে থাকা গ্রে-হেডেড ফিশ ইগলের উপস্থিতিও মিলেছে।
তিন ঋতুতে পরিচালিত জরিপে শীতকালে সর্বাধিক ১০২ প্রজাতি, গ্রীষ্মে ১০০ এবং বর্ষায় ৮২ প্রজাতির দেখা মিলেছে। এর মধ্যে ৬০টি প্রজাতি সারা বছর ক্যাম্পাসে বিচরণ করে। বর্ষায় উভচর এবং গ্রীষ্মে সরীসৃপের সক্রিয়তা ছিল বেশি।
গবেষণায় যুক্ত ছিলেন নোবিপ্রবির সহকারী অধ্যাপক তানভীর আকিক ইবনে আলম, সহকারী অধ্যাপক হুমায়রা মাহমুদ, প্রভাষক নাসরিন আক্তার বৃষ্টি, শিক্ষার্থী মায়মুনা সালসাবিল মিশমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ফজলে রব্বে।
গবেষক দলের শিক্ষার্থী মায়মুনা সালসাবিল মিশমা বলেন, ‘আমাদের ক্যাম্পাসেও যে সুন্দর জীববৈচিত্র্য আছে, সে গল্প সবার জানা উচিত। সেই ভাবনা থেকে এই গবেষণা শুরু করি। ইচ্ছা ছিল, কেউ নোবিপ্রবির প্রাণবৈচিত্র্য সম্পর্কে জানতে চাইলে আমার কাজের মাধ্যমে জানুক। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে ক্যাম্পাসের প্রাণীদের টিকিয়ে রাখতে পরিকল্পিত ব্যবস্থাপনা জরুরি। আবাসস্থল ধ্বংস ও মানুষের সঙ্গে সংঘাত এখন সবচেয়ে বড় সমস্যা।’
গবেষণার সুপারভাইজার ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নাসরিন আক্তার বৃষ্টি বলেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, তখন জীববৈচিত্র্য আরও বেশি ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে। আমাদের উন্নয়ন করতে হবে, কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণেও সচেষ্ট থাকতে হবে। মানুষ ও বন্য প্রাণীর সহাবস্থানের মাধ্যমে আমাদের পরিবেশ সুন্দর থাকবে।’
শীত এলে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের ময়নাদ্বীপ ও আশপাশের জলাশয়। পাখির টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। শিক্ষার্থীদের কাছেও দ্বীপটি প্রকৃতির সান্নিধ্যে অবসর কাটানোর প্রিয় জায়গা। তবে গ্রীষ্মে পাখিরা ফিরে যাওয়ার পর বর্ষায় জলাশয়গুলোতে ব্যাপকভাবে কচুরিপানা জন্মায়। আসন্ন শীত মৌসুম সামনে রেখে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গবেষণায় পাখিদের শ্যানন-উইনার ইনডেক্স ৩.৩৯ ও সিম্পসন ইনডেক্স ০.৯৫ পাওয়া গেছে। উভচরদের ইভেননেস সূচক ০.৬০। এসব সূচক ক্যাম্পাসের সমৃদ্ধ জীববৈচিত্র্যের প্রতিফলন। তবে অপরিকল্পিত উন্নয়ন, আবাসস্থল সংকোচন ও মানুষের চাপ এই প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠছে। তাই উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণেও চাই সুদূরপ্রসারী পরিকল্পনা। সচেতনতা ও প্রশাসনের কার্যকর উদ্যোগই পারে নোবিপ্রবির সবুজ প্রাঙ্গণকে বন্য প্রাণীর নিরাপদ আশ্রয় হিসেবে বাঁচিয়ে রাখতে।