হোম > শিক্ষা

বিনা খরচে ইউরোপে স্নাতকোত্তরের সুযোগ

শিক্ষা ডেস্ক

ইউরোপের চারটি দেশে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার সুযোগ নিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ইরাসমাস মুন্ডাস গ্লোবাল মাইন্ডস বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড ও নরওয়ের বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) কর্মসূচির অধীনে এই বৃত্তি দেওয়া হবে। ‘সাইকোলজি অব গ্লোবাল মোবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি ইন সোসাইটি’ শীর্ষক এই প্রোগ্রাম সংক্ষেপে গ্লোবাল মাইন্ডস নামে পরিচিত।

ইংরেজি মাধ্যমে পরিচালিত এই প্রোগ্রামে শিক্ষার্থীরা সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবেন। অভিবাসন, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে। প্রোগ্রামের অংশ হিসেবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে। এই বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় বেশ কিছু সুবিধা পাবেন। এগুলোর মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি
  • স্বাস্থ্যবিমা ও অন্যান্য প্রয়োজনীয় বিমা

যাতায়াতের খরচ

  • ভিসা-সংক্রান্ত খরচ
  • জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

গ্লোবাল মাইন্ডস প্রোগ্রামে চারটি দেশের চারটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। সেগুলো হলো—

১. ইউনিভার্সিটি অব লিমেরিক (ইউএল), আয়ারল্যান্ড

২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল

৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড

৪. ইউনিভার্সিটি অব অসলো (ইউআইও), নরওয়ে

প্রোগ্রামের পাঠ্যক্রম ও কাঠামো

দুই বছর মেয়াদি এই প্রোগ্রামের প্রথম বছরের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীরা পর্তুগাল অথবা পোল্যান্ডের যেকোনো একটি দেশে পড়াশোনা করবেন। দ্বিতীয় সেমিস্টারে তাঁদের জন্য নরওয়ে অথবা আয়ারল্যান্ডে পড়ার সুযোগ থাকবে।

দ্বিতীয় বছরে ইন্টার্নশিপ ও গবেষণাভিত্তিক অভিসন্দর্ভ (থিসিস) সম্পন্ন করতে হবে। সাধারণত এ বছরের প্রথম সেমিস্টারে, অর্থাৎ তৃতীয় সেমিস্টারে ইন্টার্নশিপ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে কিংবা এর বাইরের কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

এই বৃত্তির জন্য বিশ্বের সব দেশের নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে—

  • মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

স্নাতক সম্পন্ন না হওয়া শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র এবং সম্ভাব্য স্নাতক সম্পন্নের তারিখ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে নির্বাচিত হলে ভর্তির আগে স্নাতক ডিগ্রির সনদ জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় প্রার্থীদের যেসব কাগজপত্র জমা দিতে হবে—

১. অনলাইন আবেদন ফরম

২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট

৩. শিক্ষাগত যোগ্যতার সনদ

৪. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র

৫. অধ্যয়নরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৬. পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ

৭. ইউরোপাস (Europass) ফরম্যাটে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এ জন্য কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদনকারীদের যোগ্যতা যাচাই শেষে ই-মেইলের মাধ্যমে ফল জানানো হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হবে। ওয়েবসাইট লিংক: surl.li/tkzyve

আবেদনের শেষ সময়

২৭ ফেব্রুয়ারি ২০২৭।