শিক্ষা আর এখন শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক অভিজ্ঞতা, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক চিন্তাভাবনার এক বিস্তৃত ক্ষেত্র হয়ে উঠছে। এ ধারারই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো রোমানিয়ার বুকারেস্ট সামার ইউনিভার্সিটি স্কুল। এটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নতুন জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।
২০২৬ সালের এই প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। রোমানিয়ার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বুকারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিকস স্টাডিস প্রোগ্রামের আয়োজন করছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি ২০২৬ সালের বুকারেস্ট সামার ইউনিভার্সিটি স্কুলে অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত। মোট দুই সপ্তাহব্যাপী এই আবাসিক একাডেমিক প্রোগ্রামে থাকবে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয়।
কী থাকছে এই সামার স্কুলে
এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বৈশ্বিক অর্থনৈতিক, সামাজিক ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা করা এবং বাস্তবভিত্তিক সমাধান অনুসন্ধান করা। অংশগ্রহণকারীরা পাবেন—
■ ক্ষেত্রভিত্তিক একাডেমিক কোর্স ও লেকচার
■ ইন্টার-অ্যাকটিভ সেমিনার ও আলোচনা সেশন
■ গবেষণা ও কেস স্টাডিভিত্তিক কর্মশালা
■ আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধান
শুধু শিক্ষা নয়, এক সাংস্কৃতিক যাত্রা
বুকারেস্ট সামার ইউনিভার্সিটি স্কুলের অন্যতম আকর্ষণ হলো এর সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা। অংশগ্রহণকারীরা রোমানিয়ার ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিক জীবনধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
প্রোগ্রামের অংশ হিসেবে থাকবে—
■ সাংস্কৃতিক ভ্রমণ
■ সামাজিক ও নেটওয়ার্কিং ইভেন্ট
■ দলগত কার্যক্রম
■ বিনোদনমূলক আয়োজন
সুযোগ-সুবিধা নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
■ সম্পূর্ণ বা আংশিক অর্থায়িত বৃত্তির সুযোগ
■ আন্তর্জাতিক পরিবেশে শেখার অভিজ্ঞতা
■ একাডেমিক ও সাংস্কৃতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
■ ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্ম
প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করতে যা যা লাগবে—
■ বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি)।
■ বৈধ পাসপোর্টের কপি।
■ একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
■ মোটিভেশন লেটার।
যোগ্যতা
■ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
■ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা যোগ্য।
■ আন্তর্জাতিক ভ্রমণ ও একাডেমিক অংশ নেওয়ার শর্ত পূরণ
করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে এখানে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬