যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকের। তবে পড়াশোনার বিপুল খরচ সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। মেধা, নেতৃত্বের গুণ আর সমাজের জন্য কাজ করার মানসিকতা থাকলে সেই স্বপ্ন হতে পারে বাস্তব। এমন শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নের দারুণ সুযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের জেফারসন স্কলারশিপ ২০২৭। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য মনোনয়ন পেতে পারেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়।
এটি চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ের পূর্ণ অর্থায়নের বৃত্তি। শুধু টিউশন ফি নয়; আবাসন, খাবার, বই, ব্যক্তিগত খরচসহ শিক্ষাজীবনের প্রয়োজনীয় প্রায় সব ব্যয় বহন করা হয় এই বৃত্তি থেকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চার বছরে সহায়তার পরিমাণ প্রায় ৪ লাখ ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
তবে এই বৃত্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে অবশ্যই নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মনোনয়ন পেতে হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ আগামী ১ ডিসেম্বর ২০২৬।
যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া প্রতিষ্ঠা করেছিলেন থমাস জেফারসন। বিশ্ববিদ্যালয়ভিত্তিক জেফারসন স্কলার্স ফাউন্ডেশন এই বৃত্তি পরিচালনা করে। নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় একাডেমিক সাফল্য, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে ইতিবাচক অবদানকে।
প্রথমে নিজ প্রতিষ্ঠানের কাউন্সেলর, অধ্যক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে যে প্রতিষ্ঠানটি জেফারসন স্কলারশিপ কর্মসূচিতে অংশ নিচ্ছে। সব আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি ১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত হলে আঞ্চলিক ও চূড়ান্ত সাক্ষাৎকারে অংশ নিতে হবে। আবেদনের লিংক: https://surl.li/dvivyj।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬