হোম > শিক্ষা

যুক্তরাজ্যে কমনওয়েলথ শেয়ার্ড বৃত্তি: বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকের। তবে অর্থের সীমাবদ্ধতায় সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তাঁদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ নিয়ে এসেছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ ২০২৭। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। স্বল্পোন্নত ও নিম্ন-মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। এর আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করা যাবে।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত এই বৃত্তির লক্ষ্য, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। অর্জিত জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা যেন নিজ দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই প্রত্যাশা থেকেই এই উদ্যোগ।

বৃত্তির সুযোগ-সুবিধা

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি, যাওয়া-আসার বিমানভাড়া এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ভাতা। সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৭১২ পাউন্ড। লন্ডন মহানগর এলাকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবেন ২ হাজার পাউন্ড।

এ ছাড়া থিসিস বা গবেষণাপত্র তৈরির অনুদান, শিক্ষাসংশ্লিষ্ট ভ্রমণ ব্যয় এবং অতিরিক্ত মালপত্র বহনের খরচ দেওয়া হবে। বিধবা, তালাকপ্রাপ্ত কিংবা অবিবাহিত একক অভিভাবক শিক্ষার্থীদের সন্তানদের জন্যও রয়েছে বিশেষ ভাতা।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

কলা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বৃত্তির অগ্রাধিকারপ্রাপ্ত ছয়টি ক্ষেত্র হলো বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন; উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি; বৈশ্বিক সমৃদ্ধি; স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন; সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক এবং সেই দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট দেশের শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তি কিংবা ব্রিটিশ প্রটেক্টেড পারসনও আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে পড়াশোনা শুরুর জন্য প্রস্তুত থাকতে হবে।

স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির উচ্চতর (২:১) ফল থাকতে হবে। দ্বিতীয় শ্রেণির নিম্নতর (২:২) ফল থাকলে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। চার বছর মেয়াদি স্নাতক অথবা দুই বছর মেয়াদি স্নাতক এবং দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। উচ্চ আয়ের কোনো দেশে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় পড়াশোনা কিংবা চাকরির অভিজ্ঞতা থাকা যাবে না; পাশাপাশি বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার আর্থিক সামর্থ্য থাকা যাবে না।

বাংলাদেশ ছাড়াও বেলিজ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৪৪টি দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য।

আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রস্তাবিত শিক্ষা পরিকল্পনার মান এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা বিবেচনায় নির্বাচন করা হবে। আবেদনের ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬।