হোম > শিক্ষা

ঢাবিতে ফিন্যান্সে পেশাদার মাস্টার্সে ভর্তি, পরীক্ষা ২০ নভেম্বর

শিক্ষা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগে প্রফেশনাল মাস্টার অব ফিন্যান্স (এমপিএফ) প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে মোট ৫১ ক্রেডিট রয়েছে। এতে ১৬টি কোর্সের পাশাপাশি একটি প্রজেক্ট পেপার করতে হবে। চাকরিজীবীদের সুবিধার্থে শুক্র ও শনিবার এবং অন্যান্য দিনে সন্ধ্যায় ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামটিতে রয়েছে ওপেন ক্রেডিট সিস্টেম, শিক্ষাগত ফলাফলের ভিত্তিতে কোর্স ওয়েভার, সিএফএ বৃত্তি এবং এসিসিএর ৯টি পরীক্ষার পেপারে ছাড়ের সুযোগ। এ ছাড়া এসিসিএ চার্টার হোল্ডাররা সাতটি কোর্সে ওয়েভার পাবেন।

আবেদনের যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৪.০০-এর মধ্যে ২.৫০ সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর কমপক্ষে এক বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। তবে নির্দিষ্ট পেশাদার যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা ও কর্ম-অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।

আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর।