হোম > শিক্ষা

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

‎‎ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে ‎অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

‎‎

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের বিষয়টি পর্যালোচনা করা হবে। এ জন্য ইউজিসির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমতার ভিত্তিতে অংশ নিতে পারে।

‎‎ভারত ও পাকিস্তানের শিক্ষাব্যবস্থার উদাহরণ দিয়ে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের সনদকে নিজস্ব উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) সমমানের সঙ্গে সমন্বয়ের স্পষ্ট নীতিমালা রয়েছে। বাংলাদেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সব স্তরে সমতা নিশ্চিত করতে কাজ করছে।

‎‎এ সময় শিক্ষামন্ত্রী ইংরেজি মাধ্যমের স্কুলগুলোয় বাংলাদেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

‎‎সেমিনারে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোরশেদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য দেন।