হোম > শিক্ষা

হর্টিকালচার নিয়ে পড়াশোনা মাটির সঙ্গে স্মার্ট ক্যারিয়ার

পল্লব শাহরিয়ার

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশজুড়ে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা শেষ হতে না হতেই বেশির ভাগ শিক্ষার্থীর মনে নিশ্চয় উঁকি দিচ্ছে—কোন বিষয়ে পড়বেন, কীভাবে গড়ে তুলবেন ক্যারিয়ার। প্রথাগত বিষয়ের ভিড়ে অনেকে হয়তো হর্টিকালচার (উদ্যানতত্ত্ব) বা কৃষি নিয়ে ভাবছেন। বাস্তবতা হলো, বর্তমান বিশ্বে খাদ্যনিরাপত্তা, পুষ্টি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক কৃষিপ্রযুক্তি, গ্রিনহাউস, ছাদবাগান এবং উচ্চমূল্যের ফল-ফুল-সবজি উৎপাদনের বিস্তৃত সুযোগ তৈরি হওয়ায় এ খাতে দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে। প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক ক্যারিয়ার গড়তে চাইলে হর্টিকালচার হতে পারে দারুণ একটি পছন্দ।

যেভাবে প্রস্তুতি নেবেন

পরীক্ষা শেষ হওয়ার পর মোটেও সময় নষ্ট করা যাবে না। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত।

  • সিলেবাসভিত্তিক পড়াশোনা: ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত এইচএসসির নির্ধারিত সিলেবাস থেকে করা হয়। জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত—এই চার বিষয়ের ওপর ভালো দখল থাকতে হবে।
  • জীববিজ্ঞানে জোর দিন: যেহেতু এটি হর্টিকালচার বা কৃষিসংশ্লিষ্ট পড়াশোনা, তাই জীববিজ্ঞানের উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞানের খুঁটিনাটি তথ্য ও চিত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে।
  • প্রশ্নব্যাংক সমাধান: বিগত ৫-১০ বছরের কৃষি গুচ্ছ এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক নিয়মিত সমাধান করতে হবে। এতে পরীক্ষার প্রশ্নপদ্ধতি এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

কোথায় পড়বেন

হর্টিকালচার বিষয়ে পড়াশোনা ও গবেষণার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—

⬤ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

⬤ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

⬤ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা

⬤ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

এ ছাড়া কৃষি গুচ্ছভুক্ত অন্যান্য সরকারি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়েও কৃষি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

ভর্তি হতে যা লাগবে

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণত জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে প্রস্তুতির ভিত্তিতেই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কী কী পড়ানো হয়

হর্টিকালচার বিষয়ে ফল, ফুল ও সবজি উৎপাদন, উদ্ভিদের বংশবিস্তার, নার্সারি ব্যবস্থাপনা, ল্যান্ডস্কেপ ডিজাইন, টিস্যু কালচার, ফসল সংগ্রহ-পরবর্তী প্রযুক্তি, উদ্যান ফসলের রোগবালাই ব্যবস্থাপনা এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রশিক্ষণ ও গবেষণাও এ শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

ক্যারিয়ারের সুযোগ

হর্টিকালচার বা কৃষি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর সরকারি, বেসরকারি, গবেষণা এবং উদ্যোক্তা—সব ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে।

  • সরকারি খাত: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কেন্দ্র ও বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে গবেষণামূলক ক্যারিয়ার গড়া যায়।
  • বেসরকারি খাত: বীজ, সার, কৃষিপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কৃষি গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ ছাড়া কৃষিঋণ এবং কৃষি অর্থায়নসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও কাজ করা যায়।
  • উদ্যোক্তা হওয়ার সুযোগ: বাণিজ্যিক নার্সারি, ছাদবাগান পরামর্শসেবা, ল্যান্ডস্কেপিং, টিস্যু কালচার ল্যাব, উচ্চমূল্যের ফল ও সবজির চাষ কিংবা আধুনিক গ্রিনহাউসভিত্তিক কৃষি উদ্যোগের মাধ্যমে অনেক তরুণ সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছেন।

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার

কৃষি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বৃত্তি নিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা, গবেষণা অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা অর্জন করতে পারলে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, কৃষিপ্রযুক্তি কোম্পানি, গ্রিনহাউস শিল্প এবং বাণিজ্যিক কৃষি খাতে কাজের সুযোগ তৈরি হতে পারে।

যাঁরা প্রকৃতিকে ভালোবাসেন, মাটির সুবাসে বুক বাঁধেন এবং একই সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে একটি আধুনিক স্মার্ট ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য হর্টিকালচার বা কৃষি শিক্ষা এক আদর্শ ক্ষেত্র।

কানাডায় উচ্চশিক্ষা: শিক্ষার্থীরা কানাডায় পৌঁছে প্রথম সপ্তাহে যা করবেন

গানের মুগ্ধ এবার প্রশাসনে

গবেষণার উদ্দেশ্য, ধারণা ও ফল স্পষ্টভাবে তুলে ধরা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা