চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দুপুরে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ জন্য ফল প্রকাশে আরও কয়েক দিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।’
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।’
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এ ছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।