কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? সেই স্বপ্নপূরণের পথ আরও সহজ হতে পারে একটি মর্যাদাপূর্ণ বৃত্তির হাত ধরে। এমনই একটি সুযোগ দিচ্ছে অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দারাও আবেদন করতে পারবেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ গবেষণা ও উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে দিতে পারে।
অন্টারিও প্রদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই বৃত্তির লক্ষ্য গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাগত উৎকর্ষকে উৎসাহিত করা। শুধু আর্থিক সহায়তাই নয়, আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশে নিজের গবেষণার সক্ষমতা গড়ে তোলার সুযোগও এনে দেয় এই স্কলারশিপ।
অংশগ্রহণকারী কোনো অন্টারিও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে, অথবা ভর্তির পরিকল্পনা থাকতে হবে।
স্কলারশিপ চলাকালে পূর্ণকালীন (ফুল-টাইম) শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় নির্ধারিত ন্যূনতম জিপিএ ও অন্যান্য একাডেমিক শর্ত পূরণ করতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত শর্ত থাকলে সেটিও মানতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট ওজিএস-সংক্রান্ত নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অবশ্যই দেখে নিন।