হোম > শিক্ষা

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

পল্লব শাহরিয়ার

ছবি: সংগৃহীত

আপনি কি নতুন ওষুধ আবিষ্কার, জিনগত রোগের সমাধান কিংবা ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করে বিশ্বকে বদলে দিতে চান? যদি এমন স্বপ্ন থাকে, তাহলে ফার্মেসি ও বায়োটেকনোলজি হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় দুটি বিষয়।

ভাবুন, এমন একটি গবেষণাগারে কাজ করছেন, যেখানে উদ্ভাবিত হচ্ছে নতুন ওষুধ। গবেষণা চলছে জিনগত রোগের চিকিৎসা নিয়ে। কিংবা ক্যানসারের বিরুদ্ধে তৈরি হচ্ছে নতুন প্রযুক্তি।

ফার্মেসি ও বায়োটেকনোলজিতে পড়াশোনা বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণে অবদান রাখার একটি বড় সুযোগ। এই দুটি বিষয়ে পড়াশোনা করে দেশে বিশ্বমানের গবেষণায় যুক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধশিল্পেও কাজের সুযোগ তৈরি হতে পারে। তাই এইচএসসি-পরবর্তী সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ।

কোথায় পড়বেন

বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়েই ফার্মেসি ও বায়োটেকনোলজিতে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে।

ফার্মেসি

  • পাবলিক বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফার্মেসি বিষয়ে স্নাতক পর্যায়ে পড়ানো হয়।

বায়োটেকনোলজি

  • পাবলিক বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়: ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

ভর্তি হতে কী লাগবে

এই দুটি বিষয়ে পড়তে হলে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসিতে ভালো ফলের পাশাপাশি রসায়ন ও জীববিজ্ঞানে শক্ত ভিত্তি প্রত্যাশা করা হয়। অনেক বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম জিপিএ ৪.০০ চাওয়া হয়, যদিও এই শর্ত প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। কোথাও কোথাও গণিতেও ভালো ফল বাধ্যতামূলক।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বা বায়োটেকনোলজিতে ভর্তি হতে সবচেয়ে বড় ভরসা হবে পাঠ্যবই। জীববিজ্ঞান ও রসায়নের প্রতিটি অধ্যায়ের তাত্ত্বিক অংশ এবং রাসায়নিক বিক্রিয়া ভালোভাবে আয়ত্ত করুন। পাশাপাশি পদার্থবিজ্ঞান ও গণিতের সূত্র নিয়মিত অনুশীলন করলে সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তত ১০ বছরের প্রশ্ন সমাধান করলে প্রশ্নের ধরন বোঝা সহজ হবে এবং নিজের প্রস্তুতিও যাচাই করা যাবে।

দেশের গণ্ডি পেরিয়ে

বিশ্বজুড়ে ফার্মেসি ও বায়োটেকনোলজির চাহিদা দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন ওষুধ উদ্ভাবন, ক্যানসার গবেষণা, ভ্যাকসিন উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ড্রাগ ডিসকভারিতে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। ইউরোপে রয়েছে অসংখ্য বায়োটেক স্টার্টআপ ও বিশ্বখ্যাত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান। দক্ষ গবেষক ও বিজ্ঞানীদের জন্য সেখানে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। অস্ট্রেলিয়ায় ক্লিনিক্যাল ট্রায়াল, হেলথ ডেটা অ্যানালাইটিকস এবং গবেষণাভিত্তিক উচ্চ শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ ও স্পনসরশিপ ভিসার সুযোগ।

বিদেশে যেতে চাইলে

বিদেশে উচ্চ শিক্ষার পরিকল্পনা থাকলে প্রস্তুতি শুরু করতে হবে স্নাতক পর্যায় থেকেই। ভালো সিজিপিএ ধরে রাখুন। ৪-এর মধ্যে অন্তত ৩.৫০ সিজিপিএ থাকলে স্কলারশিপের প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়। ইংরেজি ভাষার দক্ষতাও বাড়াতে হবে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসে ৬.৫ থেকে ৭.০ স্কোর প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে জিআরই স্কোরও লাগতে পারে।

শুধু ক্লাসে ভালো ফল করলেই হবে না। শিক্ষকদের সঙ্গে গবেষণায় যুক্ত হওয়ার চেষ্টা করুন। আন্তর্জাতিক কোনো জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে পারলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পাশাপাশি সময় থাকতেই একটি মানসম্মত সিভি, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) এবং শিক্ষকদের সুপারিশপত্র প্রস্তুত করে রাখুন।

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়

‎বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ

এবার সংসদ ভবনের দিকে যাত্রা করল আন্দোলনরত পরীক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ ‎জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬

পদার্থ পরীক্ষার ৬-৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে বোর্ড, প্রয়োজনে ‘পূর্ণ নম্বর’

প্রাথমিকের বৃত্তিতে যমজ বোনের জোড়া সাফল্য

ঢাবির খেলার মাঠে কই-মাগুর মাছ ছাড়ল ডাকসু