বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, উচ্চশিক্ষা ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।
গ্রিন ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিজ্ঞানীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই ফেলোশিপে তাঁর অভিষেক গ্রিন ইউনিভার্সিটি পরিবারে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক, জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কিয়োটো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, জাপান, জার্মানি ও চীনের খ্যাতনামা গবেষণাগারে পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা, উচ্চশিক্ষা এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশেষ করে, ২০০৪ সালে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলে সহায়তার জন্য তাঁর উদ্ভাবিত ‘ইলেকট্রনিক আই’ প্রযুক্তি আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া সৃষ্টি করে এবং সিএনএন, বিবিসি, রয়টার্স ও দ্য নিউ ইয়র্ক টাইমস-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত ও আলোচিত হয়।
তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ভিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং এবং অ্যাগ্রো-বায়োমেডিক্যাল ইমেজিং। তাঁর প্রায় ৩০০টি গবেষণাপত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এলসিভিয়ার, স্প্রিঞ্জার, আইইইই ও এসিএম-এর মতো প্রকাশনা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং তাঁর গবেষণাকর্মের গুগল স্কলারে সাইটেশন সংখ্যা ৭ হাজার ৫০০ অতিক্রম করেছে। বিজ্ঞান ও গবেষণায় তাঁর দুটি পেটেন্ট রয়েছে।
তিনি ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইবি) ও বাংলাদেশ কমপিউটার সোসাইটি (বিসিএস)-এর ফেলো এবং আইইইই-এর সিনিয়র মেম্বার। এ ছাড়া তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইইই অ্যাকসেস জার্নালের অ্যাসোসিয়েট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষায় অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এই অর্জন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের গবেষণা ও উচ্চশিক্ষার অগ্রযাত্রাকেও আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে। এই গৌরবময় অর্জনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে এবং বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষায় তাঁর অব্যাহত সাফল্য কামনা করছে।