হোম > শিক্ষা

ভাইভার মুখোমুখি হতে যেভাবে প্রস্তুতি নেবেন

দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়াগুলোর একটি বিসিএস। অনেকে লিখিত পরীক্ষায় ভালো করার পরও ভাইভায় প্রত্যাশিত ফল অর্জন করতে পারেন না। এর অন্যতম কারণ, তাঁরা ভাইভাকে এখনো শুধু ‘প্রশ্নোত্তরের পরীক্ষা’ হিসেবে বিবেচনা করেন; ‘ব্যক্তিত্বের পরীক্ষা’ হিসেবে নয়। আসন্ন ৪৭তম বিসিএস ভাইভা পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের জন্য অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এবং ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে (মেধাক্রম: ৭) সুপারিশপ্রাপ্ত ডা. আফিয়া তাসনীম।

ডা. আফিয়া তাসনীম

বিসিএসে ভাইভা

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের সামনে আসে শেষ ধাপ—ভাইভা। এই ধাপে শুধু জ্ঞান নয়; প্রার্থীর ব্যক্তিত্ব, বিশ্লেষণক্ষমতা, আচরণ ও মানসিক দৃঢ়তার সমন্বিত মূল্যায়ন করা হয়।

বিসিএসে ভাইভা ও বাস্তবতা

বিসিএসে ভাইভা এমন একটি ধাপ, যেখানে অংশ নেওয়া মানে একধরনের অনিশ্চয়তার মুখোমুখি হওয়া। একজন প্রার্থী কোন বোর্ডে পড়বেন, বোর্ডে কারা থাকবেন, কোন বিষয় থেকে প্রশ্ন শুরু হবে—এ সবকিছুই আগে থেকে নির্দিষ্টভাবে জানা যায় না।

তবে বাস্তব অভিজ্ঞতা বলছে, সম্ভাব্য প্রশ্নগুলো পরিকল্পিতভাবে প্রস্তুত করলে এই অনিশ্চয়তাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। কারণ, সাধারণত একজন প্রার্থীর দেওয়া উত্তরের ভিত্তিতেই পরবর্তী প্রশ্নগুলো গড়ে ওঠে।

যেভাবে প্রস্তুতি নেবেন

নিজ পরিচয়: প্রস্তুতির শুরু হওয়া উচিত নিজের পরিচয় থেকে। অনেক সময় প্রার্থীর নাম বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয়। কারও নাম যদি কোনো ঐতিহাসিক বা দার্শনিক শব্দের সঙ্গে সম্পর্কিত হয়, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাই নিজের নামের অর্থ, এই নামে কোনো গ্রন্থ, গান বা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন কি না—এসব তথ্য আগেভাগে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

নিজের সম্পর্কে বলা: ‘নিজের সম্পর্কে বলুন’—এ প্রশ্ন প্রায় সব ভাইভায় করা হয়। এখানে শুধু পারিবারিক তথ্য নয়; বরং নিজের শিক্ষা, অর্জন ও ব্যক্তিগত দক্ষতাগুলো সাবলীলভাবে উপস্থাপন করা বেশি কার্যকর। এতে বোর্ড সহজেই প্রার্থীর চিন্তাভাবনার গভীরতা ও আগ্রহের ক্ষেত্র সম্পর্কে ধারণা পায়। সাধারণত পরবর্তী প্রশ্নগুলো সেদিকেই এগোয়।

শখ ও আগ্রহের বিষয়: শখ বা আগ্রহের বিষয় উল্লেখ করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। অনেকেই ‘বই পড়া’, ‘বাগান করা’ বা ‘ভ্রমণ’কে শখ হিসেবে বলেন; কিন্তু সে বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। তাই যে বিষয়টি শখ হিসেবে উল্লেখ করা হবে, সেটি সম্পর্কে অন্তত মৌলিক ধারণা থাকা প্রয়োজন। প্রিয় লেখক, বই বা চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করা হলে কেবল তথ্য নয়, সংক্ষেপে বিশ্লেষণ তুলে ধরার সক্ষমতাও থাকা দরকার।

জেলা পরিচিতি: নিজের বর্তমান ও স্থায়ী ঠিকানার জেলা বিশেষ করে স্থায়ী ঠিকানা সম্পর্কে ভালোভাবে জানা আবশ্যক। জেলার নামকরণের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রশাসনিক কাঠামোর পাশাপাশি উল্লেখযোগ্য নদ-নদী, বিখ্যাত ব্যক্তিত্ব ও দর্শনীয় স্থান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। একই সঙ্গে জেলার অর্থনীতি, প্রধান সমস্যা ও সম্ভাবনা নিয়েও বিশ্লেষণধর্মী প্রস্তুতি রাখা প্রয়োজন।

অন্যান্য সাধারণ প্রশ্নাবলি: ভাইভায় কিছু সাধারণ ও মনস্তাত্ত্বিক প্রশ্ন প্রায়ই করা হয়। যেমন দিনের শুরু থেকে ভাইভা বোর্ডে আসা পর্যন্ত অভিজ্ঞতা, এ মুহূর্তে আপনার অনুভূতি, নিজের শক্তি, সীমাবদ্ধতা ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় অতিরঞ্জন না করে স্বাভাবিক ও সংযত ভাষা ব্যবহার করাই উত্তম। বিশেষ করে নিজের দুর্বলতা তুলে ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমনভাবে উপস্থাপন করা উচিত, যাতে তার মধ্যেও একটি ইতিবাচক বা গঠনমূলক দিক ফুটে ওঠে—যেমন কোনো কাজ নিখুঁতভাবে করার প্রবণতা বা নতুন কিছু শেখার আগ্রহ।

ক্যাডার পছন্দ ও সংশ্লিষ্ট প্রশ্ন: ভাইভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের পছন্দের ক্যাডারগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। অনেক প্রার্থী ভাইভা বোর্ডে নিজের সম্পূর্ণ ‘ক্যাডার চয়েস লিস্ট’ বলতে পারেন না, যা নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রস্তুতির শুরুতেই পছন্দের ক্রম এবং প্রতিটি ক্যাডারের কোড ভালোভাবে জানা ও মুখস্থ রাখা জরুরি।

সাধারণত প্রথম দুই বা তিনটি পছন্দ নিয়েই বেশি প্রশ্ন করা হয়। যেমন—কেন এই ক্যাডার আপনার প্রথম পছন্দ, মাঠপর্যায়ে কাজের ধরন কী, সম্ভাব্য চ্যালেঞ্জ কী এবং সেগুলো কীভাবে মোকাবিলা করবেন—

এসব বিষয়ে প্রশ্ন আসতে পারে। এ ক্ষেত্রে গতানুগতিক উত্তরের বদলে বাস্তবসম্মত, যুক্তিযুক্ত ও দায়িত্বশীল উত্তর দেওয়া বেশি কার্যকর।

সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াবলি: ভাইভার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সাধারণ জ্ঞান ও সমসাময়িক ইস্যু। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় তথ্যের প্রাধান্য থাকলেও ভাইভায় প্রার্থীর বিশ্লেষণধর্মী বোঝাপড়াই বেশি গুরুত্ব পায়। উদাহরণস্বরূপ, কোনো আন্তর্জাতিক জোটের সম্প্রসারণ সম্পর্কে প্রশ্ন করা হলে কেবল সদস্য দেশের নাম নয়; বরং এর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যাখ্যা করতে পারা জরুরি। একইভাবে বাংলাদেশের অর্থনীতি, সংবিধান, সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে ভারসাম্যপূর্ণ ধারণা থাকা প্রয়োজন।

খাতভিত্তিক প্রশ্নের ক্ষেত্রেও অগ্রাধিকার নির্ধারণের ক্ষমতা গুরুত্বপূর্ণ। যেমন দেশের কোনো খাতের প্রধান সমস্যা জানতে চাইলে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি উল্লেখ করে এরপর অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে তুলে ধরা উচিত। এতে প্রার্থীর বিশ্লেষণ ও অগ্রাধিকার নির্ধারণের দক্ষতা প্রকাশ পায়। এ ধরনের আলোচনায় সাম্প্রতিক বাজেট, উন্নয়ন পরিকল্পনা, সরকারি নীতি বা সংস্কার উদ্যোগের প্রসঙ্গ যুক্ত করলে উত্তরের গভীরতা বাড়ে। পাশাপাশি সংবিধানের মৌলিক বিষয়, গুরুত্বপূর্ণ সংশোধনী, বিভিন্ন কমিশনের প্রতিবেদন ও বৈশ্বিক সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে নিয়মিত আপডেট থাকা প্রয়োজন।

একাডেমিক ও টেকনিক্যাল প্রশ্ন: ভাইভার এই অংশ প্রার্থীর শিক্ষাগত পটভূমির ওপর নির্ভর করে। বিশেষ করে টেকনিক্যাল ও উভয় ক্যাডার প্রার্থীদের জন্য এটি তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং; কারণ, বোর্ডে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ বা অধ্যাপক উপস্থিত থাকেন। তবে জেনারেল ক্যাডার প্রার্থীদেরও নিজের পঠিত বিষয়ের মৌলিক ধারণা পরিষ্কার রাখা জরুরি। কারণ, বোর্ডে সংশ্লিষ্ট বিষয়ের কেউ থাকলে তিনি সেখান থেকে প্রশ্ন করতে পারেন। এ ক্ষেত্রে শুধু সংজ্ঞা মুখস্থ নয়; বরং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করা যায়—সে বিষয়ে স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ ধারণা থাকা প্রয়োজন।

মোটের ওপর, ভাইভার প্রস্তুতি শুধু তথ্যভান্ডার তৈরি নয়; বরং নিজের ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গিকে মার্জিতভাবে উপস্থাপনের একটি প্রক্রিয়া। প্রতিটি ধাপে বিষয়ের গভীরতা অনুধাবন করে নিজের চিন্তাগুলো গুছিয়ে নিতে পারলে ভাইভা বোর্ডে যেকোনো প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া সম্ভব।

অনুলিখন: জেলি খাতুন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

হার্ড নাকি সফট স্কিল চাকরির বাজারে এগিয়ে রাখে কোনটি

ক্যারিয়ার থমকে যাওয়ার ৬ কারণ

স্কলারশিপ: চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ

সিলেটে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ অনুষ্ঠিত, জাতীয় পর্বে যাচ্ছে ৩ উদ্ভাবন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা আপডেট করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

অবশেষে শনিবার হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ পরীক্ষা

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত