হোম > শিক্ষা

৫৩ পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনের বৃত্তি, আলোচনায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধানের কারণেই এমন ফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কাজ করে যাব।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪২০ জন ট্যালেন্টপুল এবং ৫৪৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

ফলাফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এগিয়ে রয়েছে। মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭৬৩ জন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৪০ জন ট্যালেন্টপুল এবং ৪২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অন্যদিকে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত আশাব্যঞ্জক ফলাফল করেছে। জেলার স্বনামধন্য বিদ্যালয়গুলোর মধ্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনের বৃত্তি অর্জন নিঃসন্দেহে একটি অনন্য রেকর্ড। যে একজন বৃত্তি পায়নি, সেও অত্যন্ত মেধাবী। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।’

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নিবন্ধিত ৮ হাজার ২৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৩৮ জন অংশ নেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা হারে সরকারি বৃত্তি ও বিশেষ মেধা সনদ পাবে।

বিষয় যখন রাষ্ট্রবিজ্ঞান, সম্ভাবনার বিস্তৃত দুয়ার

ইতালিতে পিএইচডির স্বপ্ন যাঁদের

সোমবারের পরীক্ষা স্থগিত করল ঢাবি

চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে

‎আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত‎: শিক্ষামন্ত্রী

গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

‎বৈরী আবহাওয়া: বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা স্থগিত

‎প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, এগিয়ে মেয়েরা

ইউআইইউ রেসকিউ রোভার টিম: প্রথমবার অংশ নিয়েই বিশ্বমঞ্চে সাফল্য

এশিয়ার সেরা কালিয়াকৈরের খুদে তাজ