হোম > শিক্ষা

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থী

ঢাকা বোর্ডে ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট, কেন্দ্র বদরুন্নেসা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‎বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

‎আজ বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা এবং পুনরায় পরীক্ষার জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করা পরীক্ষার্থীরা এ বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা-৫১ কেন্দ্রের (কেন্দ্র কোড-১১৮) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এ সুযোগ পেয়েছে।

‎চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।