হোম > শিক্ষা

সিউল বনাম টোকিও: উচ্চশিক্ষার জন্য কোন শহর বেছে নেবেন

শিক্ষা ডেস্ক

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন? এশিয়ার দুই জনপ্রিয় গন্তব্য হতে পারে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও জাপানের রাজধানী টোকিও। কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৭ র‍্যাঙ্কিংয়ে শহর দুটিই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বৈচিত্র্য, চাকরির সুযোগ, খরচসহ বিভিন্ন সূচকে সিউল ও টোকিওর অবস্থান আলাদা। দুই শহরের বিশ্ববিদ্যালয়গুলোও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ দেয়। তবে কোন শহর আপনার জন্য উপযুক্ত, তা নির্ভর করবে পছন্দের বিষয়, ভবিষ্যৎ ক্যারিয়ার, বাজেট, জীবনযাপনের ধরনসহ নানা বিষয়ের ওপর।

শিক্ষার্থীদের অভিজ্ঞতা

এই সূচকে একটি শহরে বসবাস ও পড়াশোনার অভিজ্ঞতা বিবেচনা করা হয়। স্নাতক শেষ করার পর কতজন শিক্ষার্থী সেই শহরে থেকে যান, সেটিও বিবেচনায় থাকে। সিউল: ৭৭.৯ এবং টোকিও: ৮৪.৭। এই সূচকে সিউলের চেয়ে এগিয়ে টোকিও।

শিক্ষার্থীদের বৈচিত্র্য

এ ক্ষেত্রে একটি শহরের শিক্ষার্থীর সংখ্যা ও বৈচিত্র্য বিবেচনা করা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশও এতে অন্তর্ভুক্ত। সিউল: ৮০.১ এবং টোকিও: ৭০.১। এই সূচকে টোকিওর চেয়ে এগিয়ে সিউল।

চাকরির সুযোগ

এই সূচকে তরুণদের চাকরির বাজার এবং সংশ্লিষ্ট শহরের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের বিষয়ে নিয়োগদাতাদের ধারণা বিবেচনা করা হয়। সিউল: ৯৪.১ এবং টোকিও: ১০০। চাকরির সুযোগের সূচকে সিউলের চেয়ে এগিয়ে টোকিও। তবে পছন্দের ক্ষেত্রে চাকরির সুযোগও যাচাই করা জরুরি।

খরচ

এই সূচকে একটি শহরে পড়াশোনা ও জীবনযাপনের সম্ভাব্য খরচ বিবেচনা করা হয়। সিউল: ৫২.৪ এবং টোকিও: ৫৩.৫। এই সূচকে দুই শহরের ব্যবধান খুবই কম। টোকিও সামান্য এগিয়ে। তবে বাস্তব খরচ নির্ধারণে বাসা, খাবার, যাতায়াত ও অন্যান্য দৈনন্দিন ব্যয় আলাদাভাবে হিসাব করা উচিত।

সিউল ও টোকিওর শীর্ষ বিশ্ববিদ্যালয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ সিউল ও টোকিওর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।

সিউল: সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি —৩৮তম; ইয়োনসেই ইউনিভার্সিটি—৪২তম; কোরিয়া ইউনিভার্সিটি—৫২তম; সুংকিউঙ্কওয়ান ইউনিভার্সিটি—১০৮তম

টোকিও: দ্য ইউনিভার্সিটি অব টোকিও—৩৯তম; ইনস্টিটিউট অব সায়েন্স টোকিও—৯৭তম; ওয়াসেদা ইউনিভার্সিটি—২০১তম; কেইও ইউনিভার্সিটি—২১৩তম।

কোন শহর বেছে নেবেন?

সিউল ও টোকিও দুই শহরই উচ্চশিক্ষার জন্য শক্তিশালী গন্তব্য। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও চাকরির সুযোগে টোকিও এগিয়ে। অন্যদিকে শিক্ষার্থীদের বৈচিত্র্যে সিউল এগিয়ে রয়েছে।

তাই শুধু র‍্যাঙ্কিং দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়, কোর্স, ক্যারিয়ার পরিকল্পনা, বাজেট ও জীবনযাপনের ধরন বিবেচনা করুন। তাহলেই আপনার জন্য উপযুক্ত শহরটি বেছে নেওয়া সহজ হবে।