তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং ইউনিভার্সিটির (এনসিটিইউ) আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি ২০২৭-এর আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এই বৃত্তি বেশ আকর্ষণীয়। এর আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক উপবৃত্তিও দেওয়া হয়। কিছু ক্ষেত্রে গবেষণার কাজে সহকারী হিসেবে কাজের সুযোগ রয়েছে।
ন্যাশনাল চিয়াও তুং ইউনিভার্সিটি ১৮৯৬ সালে তাইওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
স্নাতক: মাসে সর্বোচ্চ ২১ হাজার নিউ তাইওয়ান ডলার (প্রায় ৭০০ মার্কিন ডলার) উপবৃত্তি দেওয়া হতে পারে। পাশাপাশি টিউশন ফি মওকুফের সুবিধাও রয়েছে।
স্নাতকোত্তর: টিউশন ফি মওকুফ করা হবে। শিক্ষার্থীরা মাসে ২২ হাজার নিউ তাইওয়ান ডলার (প্রায় ৭৩৩ মার্কিন ডলার) উপবৃত্তি পাবেন। গবেষণার কাজে উপদেষ্টার অধীনে সহকারী হিসেবে কাজের সুযোগ রয়েছে।
পিএইচডি: টিউশন ফি মওকুফ করা হবে। শিক্ষার্থীরা মাসে ২৯ হাজার নিউ তাইওয়ান ডলার (প্রায় ৯৬৬ মার্কিন ডলার) উপবৃত্তি পাবেন। পাশাপাশি গবেষণার কাজে উপদেষ্টার অধীনে সহকারী হিসেবে কাজের সুযোগ রয়েছে।
এনসিটিইউর বৃত্তির পাশাপাশি তাইওয়ান সরকারের বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় (এমওই), পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (এমওএসটি) বৃত্তি উল্লেখযোগ্য। এমওএফএ বৃত্তির আওতায় মাসে ৩০ হাজার নিউ তাইওয়ান ডলার উপবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি একবার যাওয়া-আসার ইকোনমি ক্লাসের বিমান টিকিট দেওয়া হয়। এমওই বৃত্তির আওতায় টিউশন ফি ও নির্দিষ্ট কিছু ফি মওকুফ করা হয়।
এনসিটিইউতে কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রিন এনার্জি, আইন, ব্যবস্থাপনা, প্রকৌশলসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি, মানবিক ও সামাজিক বিজ্ঞান, ফটোনিকস এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়েও পড়াশোনা করা যাবে।
তাইওয়ানের নাগরিক ছাড়া অন্য দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। অন্য কোনো বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে নির্ধারিত ফরম সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আবেদনের সময় অনলাইন আবেদন ফরম জমা দিতে হবে। সঙ্গে সর্বোচ্চ ডিগ্রির সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিতে হবে। এসব নথিতে যথাযথ সত্যায়ন থাকতে হবে। এ ছাড়া দুটি সুপারিশপত্র দিতে হবে। শিক্ষক, গবেষণা উপদেষ্টা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে এসব সুপারিশপত্র নেওয়া যাবে। আবেদনকারীর বৈধ পাসপোর্টের কপি এবং চীনা বা ইংরেজি ভাষায় লেখা স্টাডি প্ল্যানও প্রয়োজন হবে। আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে সম্পন্ন হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণপত্র দেওয়া যাবে। পিএইচডি প্রার্থীদের একাডেমিক থিসিস বা সংশ্লিষ্ট গবেষণাপত্র জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া জানতে এনসিটিইউর আন্তর্জাতিক শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬