বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণা, বিশেষ মোনাজাত এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বিইউপির বিজয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের স্মরণ এবং জাতীয় ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ জোবায়ের ওমর খানের পরিবারের সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিইউপির সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।