ইতালিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? গবেষণায় ক্যারিয়ার গড়তে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স ২০২৬ সালের পেগাসো পিএইচডি স্কলারশিপের জন্য আবেদন নিচ্ছে। এই বৃত্তির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি অর্থায়নপ্রাপ্ত পিএইচডি করার সুযোগ পাবেন। বছরে বৃত্তির পরিমাণ ১৬ হাজার ২৪৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা (প্রযোজ্য সামাজিক নিরাপত্তা কর্তন সাপেক্ষে)।
বিশ্ববিদ্যালয়ের ৪২তম পিএইচডি ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এই বৃত্তি দেওয়া হবে। ইতালির রিজিওনে তাসকানা ইউরোপীয় সামাজিক তহবিল (পিআর ইএসএফ ২০২১-২৭) এবং জিওভানিসি প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচির অর্থায়ন করছে। এর লক্ষ্য তরুণ গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে নেওয়া।
এটি কোনো স্বল্পমেয়াদি এক্সচেঞ্জ, সামার স্কুল বা সার্টিফিকেট কোর্স নয়; বরং পূর্ণাঙ্গ অর্থায়নপ্রাপ্ত পিএইচডি কর্মসূচি। ক্লাস শুরু হবে ১ নভেম্বর ২০২৬। যাঁরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইতালিতে পিএইচডি শুরু করতে চান এবং যাঁদের মাস্টার্স ডিগ্রি রয়েছে বা শিগগির সম্পন্ন হবে, তাঁরা আবেদন করতে পারবেন।
■ বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি (প্রযোজ্য সামাজিক নিরাপত্তা কর্তন সাপেক্ষে)।
■ মাসিক কিস্তিতে বৃত্তির অর্থ প্রদান।
■ অনুমোদিত বিদেশি গবেষণায় অংশ নিলে বৃত্তির পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
■ বৃত্তির অন্তত ১০ শতাংশ গবেষণা কার্যক্রমে ব্যয় করা যাবে।
■ যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে যাওয়ার প্রাথমিক ব্যয় মেটাতে এককালীন সর্বোচ্চ ৫ হাজার ইউরো সহায়তা।
■ গবেষণা দক্ষতা ও সফট স্কিল উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ।
■ ভিসা, নথিপত্র সত্যায়ন, অনুবাদ, বাসাভাড়ার জামানত, বিমানভাড়াসহ প্রাথমিক স্থানান্তর ব্যয়ে সহায়তা।
■ পূরণ করা আবেদনপত্র
■ ডিগ্রি সনদ
■ শিক্ষাজীবনের ট্রান্সক্রিপ্ট
■ বৈধ পাসপোর্ট
■ হালনাগাদ সিভি বা রেজ্যুমে
■ পাসপোর্ট সাইজের ছবি
■ প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি
আবেদন করতে হবে অনলাইনে। নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সঙ্গে ৩০ ইউরো আবেদন ফি জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের লিংক: url-shortener.me/O4BM
আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৬।