২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে টানা চার দিন। আগের সূচিতে ২০ থেকে ২৩ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা আট দিন পিছিয়েছে।
আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে চিঠি জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।
নতুন সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর (সোমবার) বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বৃত্তি পরীক্ষা। পরদিন ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) ইংরেজি, ৩০ ডিসেম্বর (বুধবার) প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ ও ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ, শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় পাবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
এর আগে, গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচিতে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছিল। পরে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সূচি প্রকাশ করা হলো।