রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। আজ বৃহস্পতিবার এ পরিদর্শনে যান তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাসচিব আজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিনিয়র সচিব। তিনি শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও বিভিন্ন দাপ্তরিক কক্ষ ঘুরে দেখেন।
এ সময় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান আবদুল খালেক।
তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে সিনিয়র সচিব বলেন, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিনিয়র সচিব।