বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শেখার নতুন দ্বার খুলে যায়। এখানে পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে চেনা, মানুষের সঙ্গে কাজ করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন। কর্মজীবনে প্রবেশের পর বোঝা যায়, ভালো ফলের পাশাপাশি নানা দক্ষতারও প্রয়োজন হয়। শুধু কী জানি, তা নয়; সেই অর্জিত জ্ঞান কীভাবে কাজে লাগানো যায় এবং পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারি, সেটিও বিবেচ্য। বিশ্ববিদ্যালয়ের চার বছর শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, নিজের সক্ষমতা বাড়ানোরও সুযোগ। এ সময়ে সাতটি দক্ষতার চর্চা করলে পড়াশোনা, ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
যোগাযোগের দক্ষতা বাড়ান
ক্লাসে প্রশ্ন করা, দলীয় আলোচনা ও উপস্থাপনায় অংশ নেওয়ার মাধ্যমে যোগাযোগের দক্ষতা বাড়ানো যায়। সুন্দরভাবে কথা বলার পাশাপাশি মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং ভিন্নমতকে সম্মান জানানোও জরুরি। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় গুছিয়ে কথা বলা এবং লেখার অভ্যাস গড়ে তুলুন।
সমস্যা সমাধান করতে শিখুন
কোনো তথ্য শুনেই সেটিকে সত্য বলে ধরে না নিয়ে প্রমাণ খুঁজুন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সম্ভাব্য সমাধানগুলোর মধ্য থেকে উপযুক্তটি বেছে নিন। অ্যাসাইনমেন্ট, গবেষণা কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘কেন’ ও ‘কীভাবে’ প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। ভুলকে ব্যর্থতা না ভেবে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন।
প্রযুক্তিগত দক্ষতা অর্জন করুন
বিভাগীয় সফটওয়্যারের পাশাপাশি ডকুমেন্ট, স্প্রেডশিট, অনলাইন সহযোগী প্ল্যাটফর্ম, তথ্য অনুসন্ধান ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ধারণা রাখুন। এআই টুল ব্যবহার করলেও উত্তর যাচাই করুন। প্রযুক্তিকে চিন্তার বিকল্প নয়, সহায়ক হিসেবে কাজে লাগান।
নেতৃত্বের চর্চা করুন
বিশ্ববিদ্যালয়ের ক্লাব, সংগঠন, প্রকল্প কিংবা প্রতিযোগিতায় অংশ নিয়ে নেতৃত্বের চর্চা করুন। কাজ ভাগ করে দেওয়া, মতবিরোধ সামলানো এবং অন্যের মতামত বোঝার অভ্যাস গড়ে তুলুন। নেতৃত্ব মানে শুধু কোনো পদে থাকা নয়; এর সঙ্গে উদ্যোগ নেওয়া, দায়িত্বশীলতা ও সহযোগিতার মনোভাবও জড়িত।
আত্মশৃঙ্খলা গড়ে তুলুন
ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে কাজের তালিকা তৈরি করুন। বড় কাজগুলো ছোট ছোট ধাপে ভাগ করে অগ্রাধিকার অনুযায়ী সম্পন্ন করুন। অপ্রয়োজনে ফোন ব্যবহার এড়িয়ে চলুন; পাশাপাশি বিশ্রাম ও পর্যাপ্ত ঘুমের জন্য সময় রাখুন।
লেখা, গবেষণা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ান
ই-মেইল, প্রতিবেদন ও অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে স্পষ্ট ও সাবলীল ভাষার ব্যবহার প্রয়োজন। এ জন্য নিয়মিত পড়া ও লেখার অভ্যাস গড়ে তুলুন। তথ্য ব্যবহারের আগে তার উৎস যাচাই করুন। নির্ভরযোগ্য বই, গবেষণাপত্র ও স্বীকৃত প্রতিষ্ঠানের প্রকাশনা থেকে তথ্য সংগ্রহ করুন। অন্যের ধারণা বা গবেষণার তথ্য ব্যবহার করলে যথাযথ সূত্র উল্লেখ করুন।
স্বশিক্ষার মানসিকতা তৈরি করুন
সময়, আগ্রহ, লক্ষ্য ও পেশা সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তিত হতে পারে। তাই নতুন বিষয় শেখা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করুন। বিভিন্ন কোর্স, বই, কর্মশালা এবং ছোট প্রকল্পের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। নিয়মিত নিজের দুর্বলতা চিহ্নিত এবং শেখার অগ্রগতি পর্যালোচনা করুন।
সাতটি দক্ষতা একসঙ্গে অর্জনের প্রয়োজন নেই। শুরুতে একটি বা দুটি দক্ষতা চর্চায় মনোযোগ দিন। যেমন উপস্থাপনায় অংশ নেওয়া, প্রতি সপ্তাহে ছোট একটি লেখা তৈরি করা কিংবা কোনো প্রকল্পে দায়িত্ব নেওয়া। নিয়মিত চর্চার মাধ্যমে নিজের অগ্রগতি মূল্যায়ন করুন।
বিশ্ববিদ্যালয়জীবন শেখা, নতুন কিছু পরীক্ষা করা এবং ভুল থেকে ঘুরে দাঁড়ানোর এক মূল্যবান সময়। ডিগ্রি আপনার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেবে, আর অর্জিত দক্ষতা তুলে ধরবে সেই জ্ঞান বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারেন।