উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
প্রস্তাবিত নীতিমালার আওতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি দেশের যোগ্য ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোকেও বিদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ রোববার ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। ইউসিএসআই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস দাতুক ড. সিতি হামিসা বিনতে তাপসিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিসি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্মত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি প্রস্তাবিত নীতিমালায় বিবেচনা করা হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার গুণগত মান, একাডেমিক পরিবেশ, সুশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অনুমোদনপ্রাপ্ত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মূল ক্যাম্পাসের মতোই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
দেশের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিগগির পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি দেওয়া হবে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্বের মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, যৌথ ডিগ্রি ও অন্যান্য একাডেমিক সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষকেরা আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে আরও বেশি সুযোগ পাবেন এবং দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ত্বরান্বিত হবে।