হোম > শিক্ষা

জাপানে সম্পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ

শিক্ষা ডেস্ক

কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি। ছবি: সংগৃহীত

জাপানে পিএইচডি করার সুযোগ দিচ্ছে কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি (কেইউটি)। বিশ্ববিদ্যালয়টির স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম (এসএসপি) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। প্রকৌশল বিষয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। নির্বাচিতরা তিন বছর মেয়াদি পিএইচডি করার পাশাপাশি পাবেন মাসিক বৃত্তি, টিউশন ফি মওকুফ এবং জাপানে যাওয়ার জন্য আর্থিক সহায়তা। ইংরেজি ভাষায় গবেষণার সুযোগ থাকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে জাপানে উচ্চশিক্ষার আকর্ষণীয় একটি পথ।

কী কী সুবিধা

বৃত্তির আওতায় প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার জাপানি ইয়েন জীবনযাপন ব্যয় দেওয়া হবে। এ সুবিধা পাওয়া যাবে তিন বছর। এ ছাড়া বছরে ৫ লাখ ৩৫ হাজার ৮০০ ইয়েন টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। এনরোলমেন্ট ও পরীক্ষার ফিও মওকুফ রয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ ১৫ হাজার ইয়েন পর্যন্ত ফি মওকুফের সুযোগ আছে। জাপানের বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য রয়েছে আরও সুবিধা। যাতায়াত ও প্রাথমিক স্থানান্তর ব্যয় মেটাতে এককালীন ১ লাখ ৫০ হাজার ইয়েন দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীর ১৮ বছরের শিক্ষা সম্পন্ন করে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে মাস্টার্স শেষ করার প্রক্রিয়ায় থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ভর্তির সময় বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। পাশাপাশি থাকতে হবে ভালো একাডেমিক ফল ও গবেষণার সক্ষমতা। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণও প্রয়োজন। TOEFL iBT-তে কমপক্ষে ৭২ অথবা IELTS-এ ৫.৫ স্কোর থাকতে হবে। সমমানের পরীক্ষার ফলও গ্রহণযোগ্য।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের আগে কেইউটির তালিকাভুক্ত কোনো সুপারভাইজারের অনুমোদন নিতে হবে। এরপর প্রস্তুত রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। এগুলোর মধ্যে রয়েছে সর্বোচ্চ দুই পৃষ্ঠার মোটিভেশন লেটার, Europass ফরম্যাটের সিভি, ডিগ্রি সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এ ছাড়া প্রয়োজন হবে গ্রেডিং পদ্ধতির ব্যাখ্যা, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ, সুপারিশপত্র এবং বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র। প্রয়োজনীয় সনদ বা কাগজপত্র ইংরেজি বা জাপানি ভাষায় অনূদিত হতে হবে।

আগে নিতে হবে সুপারভাইজারের অনুমোদন

এই স্কলারশিপে সরাসরি পূর্ণাঙ্গ আবেদন করা যাবে না। প্রথমে অনলাইন প্রি-অ্যাপ্লিকেশন ফরমের মাধ্যমে সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আনুষ্ঠানিক আবেদনের অন্তত আট সপ্তাহ আগে এই প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়। এসএসপি সুপারভাইজার তালিকা থেকে সর্বোচ্চ দুজনের কাছে আবেদন করা যাবে। কোনো সুপারভাইজার গবেষণার বিষয়ে এগিয়ে যেতে সম্মতি দিলেই শুধু পূর্ণাঙ্গ আবেদন করা যাবে। সুপারভাইজারের অনুমোদন ছাড়া আবেদন করার সুযোগ নেই। আবার যোগাযোগের পর দুই সপ্তাহের মধ্যে কোনো সুপারভাইজার উত্তর না দিলে আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছে বলে ধরে নেওয়া হবে।

আবেদনের সময়সূচি

২০২৭ সালের এপ্রিল মাসে দ্বিতীয় দফায় ভর্তির জন্য আবেদন করা যাবে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বাছাই ও সাক্ষাৎকার হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। ফল প্রকাশিত হবে ডিসেম্বরের মাঝামাঝি। চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম দফার ভর্তির আবেদনও জমা দিতে হবে ১৬ অক্টোবর ২০২৬-এর মধ্যে। বাছাই ও সাক্ষাৎকার হবে অক্টোবর-নভেম্বরে। ফল প্রকাশিত হবে ডিসেম্বরের মাঝামাঝি। নিবন্ধনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। অক্টোবর ২০২৭-এর দ্বিতীয় দফার ভর্তির জন্য আবেদন করা যাবে ১০ এপ্রিল ২০২৭ পর্যন্ত। বাছাই ও সাক্ষাৎকার হবে এপ্রিল থেকে মে মাসে। ফল প্রকাশিত হবে জুনের মাঝামাঝি। চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ জুলাই ২০২৭।

আবেদন করবেন যেভাবে

আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফরমের মাধ্যমে। তার আগে এসএসপি সুপারভাইজার তালিকা থেকে একজন সুপারভাইজারের অনুমোদন নিতে হবে। আবেদন, সুপারভাইজার তালিকা ও প্রয়োজনীয় নির্দেশনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদনের লিংক