ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো ভুল করার ভয়। অনেক শিক্ষার্থী ইংরেজি বুঝতে পারলেও কথা বলার সময় দ্বিধায় পড়েন। কেউ সঠিক শব্দ খুঁজে পান না, কেউ আবার ব্যাকরণগত ভুলের আশঙ্কায় নিজের ভাব প্রকাশে সংকোচ বোধ করেন। শ্রেণিকক্ষে শেখার সুযোগ থাকলেও প্রত্যেকের ব্যক্তিগত অনুশীলনের সময় সীমিত। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হতে পারে ইংরেজি শেখার কার্যকর একটি মাধ্যম।
১. ভুলকে শেখার সুযোগ হিসেবে নিন: ভুল করা ভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এআইয়ের সাহায্যে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবন, পড়াশোনা কিংবা শখ নিয়ে ইংরেজিতে কথোপকথনের অনুশীলন করতে পারেন। এ জন্য এআইকে বলা যায়, ‘Ask me questions about my daily routine and correct my mistakes.’ এতে ভুলের কারণ জানা যাবে, কমবে একই ভুল বারবার করার প্রবণতা।
২. ভুল সংশোধনের পাশাপাশি কারণ জানুন: ইংরেজিতে লেখার সময় শব্দ নির্বাচন, কাল (Tense) কিংবা বাক্য গঠনে ভুল হতে পারে। এ ক্ষেত্রে একটি ছোট অনুচ্ছেদ লিখে এআইকে বলা যায়, ‘Correct my grammar and explain each mistake with examples.’ এতে শুধু ভুল সংশোধন নয়, সঠিক ব্যবহারের ব্যাখ্যাও পাওয়া যাবে। তবে সংশোধিত লেখার সঙ্গে নিজের লেখাটি মিলিয়ে দেখা জরুরি।
৩. শব্দ মুখস্থ নয়, ব্যবহার শিখুন: শুধু শব্দের বাংলা অর্থ জানলেই ইংরেজিতে দক্ষ হওয়া যায় না। নতুন শব্দের অর্থ, উচ্চারণ ও বাক্যে প্রয়োগ জানা প্রয়োজন। এ জন্য এআইকে বলা যায়, ‘Teach me five useful English words with Bangla meanings and example sentences.’ এরপর প্রতিটি শব্দ দিয়ে নিজে বাক্য তৈরি করে এআইয়ের মাধ্যমে তা যাচাই করা যেতে পারে।
৪. ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অনুশীলন করুন: শিক্ষার্থীদের শেখার লক্ষ্য একেক রকম। কেউ উপস্থাপনার দক্ষতা বাড়াতে চান, কেউ চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে চান। নিজের প্রয়োজন অনুযায়ী এআইয়ের সহায়তা নেওয়া যায়। যেমন: ‘Conduct a job interview with me. Ask one question at a time and give feedback.’ এতে বাস্তব পরিস্থিতির আদলে সাক্ষাৎকারের অনুশীলন করা সম্ভব।
৫. প্রতিদিন অনুশীলনের অভ্যাস গড়ুন: ইংরেজিতে দক্ষতা অর্জনে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। প্রতিদিন ২০ মিনিট সময় দিয়ে পাঁচ মিনিট কথোপকথন, পাঁচ মিনিট শব্দ শেখা এবং ১০ মিনিট লেখার চর্চা করা যেতে পারে। সপ্তাহ শেষে নিজের অগ্রগতি যাচাই করলে দুর্বলতাগুলো চিহ্নিত করা সহজ হবে।
তবে এআইয়ের দেওয়া সব তথ্য নির্ভুল না-ও হতে পারে। তাই প্রয়োজনে অভিধান, পাঠ্যবই ও শিক্ষকের সহায়তায় তথ্য যাচাই করা উচিত। মনে রাখতে হবে, ইংরেজিতে সাবলীলতা অর্জনের কোনো তাৎক্ষণিক উপায় নেই। এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, ধৈর্য ও ভুল থেকে শেখার মানসিকতা। এআই শেখার পথ সহজ করতে পারে, তবে দক্ষতা অর্জনের দায়িত্ব শিক্ষার্থীর নিজের।