চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ২৯ জানুয়ারি এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শর্তসাপেক্ষে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।
আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে আজকে মিটিং ছিল। সেখানে সময়সূচি পরিবর্তন নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমরা অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেব, তবে দুই বিষয়ের বেশি বিষয়ে অকৃতকার্যরা সুযোগ পাবেন না।’
সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিপিএ শর্ত পূরণ সাপেক্ষে তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অকৃতকার্য শিক্ষার্থীদের সুবিধার জন্য ভর্তির আবেদনের সময় বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত করা হয়েছে।
ভর্তি পরীক্ষা এবারও তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে পরীক্ষা নেওয়া হবে।
বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।