শিক্ষার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধও গড়ে ওঠে। তবে দীর্ঘ সময় একই ধরনের পাঠদান শিক্ষার্থীদের কাছে একঘেয়ে হয়ে উঠতে পারে। এতে পাঠের প্রতি আগ্রহ এবং মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিক্ষার্থীদের সক্রিয় রাখতে পাঠদানের ধরনেও বৈচিত্র্য আনা প্রয়োজন।
প্রতিটি ক্লাসের আগে পাঠ পরিকল্পনা তৈরি করা জরুরি। কোন বিষয় কীভাবে উপস্থাপন করা হবে, তা আগে ঠিক করে নিলে পাঠদান সহজ হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা যেন নির্ভয়ে প্রশ্ন করতে এবং মতামত জানাতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। পাঠের শুরুতে ছোট গল্প, মজার ঘটনা বা বাস্তব উদাহরণ তুলে ধরা যেতে পারে। এতে বিষয়টির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হয়। শ্রেণিকক্ষে নিয়মশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নিয়মিত উপস্থিতির বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দীর্ঘ সময় একইভাবে পড়ানো হলে শিক্ষার্থীদের মনোযোগ কমে যেতে পারে। তাই বিষয়ভেদে পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। কোনো বিষয় গল্পের মাধ্যমে, কোনোটি ছবি বা ভিডিও দিয়ে শুরু করা যেতে পারে। বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করলেও বিষয়টি সহজে বোঝানো যায়।
শিক্ষকের একক বক্তৃতার পাশাপাশি প্রশ্নোত্তর, আলোচনা, দলীয় কাজ, কেস স্টাডি ও প্রকল্পভিত্তিক কাজ যুক্ত করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা পাঠের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পায়।
শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানে শিক্ষক সহায়ক ও পথনির্দেশকের ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের প্রশ্ন, মতামত ও আলোচনার সুযোগ দিলে অংশগ্রহণ বাড়ে। ছোট অর্জনের জন্য প্রশংসা করা, নাম ধরে সম্বোধন করা এবং মনোযোগ দিয়ে কথা শোনা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।
ছবি, গল্প, শিক্ষামূলক খেলা ও প্রতিযোগিতা পাঠকে আকর্ষণীয় করে তুলতে পারে। রঙিন চিত্র, শব্দ ও ভিডিও কোনো বিষয় বোঝাতেও সহায়ক। হাতে-কলমে শেখানোর সুযোগ থাকলে শিক্ষার্থীরা বিষয়টি সহজে বুঝতে এবং মনে রাখতে পারে।
প্রজেক্টর, স্মার্ট বোর্ড, ছবি ও ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করা যায়। অনলাইন প্ল্যাটফর্মে অ্যাসাইনমেন্ট ও কুইজ নেওয়া সম্ভব। গুগল ক্লাসরুম, কাহুট বা শিক্ষামূলক ভিডিওও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন পাঠের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর রাখা জরুরি।
শিক্ষার্থীরা কোন জায়গায় পিছিয়ে আছে, তা শেখার সময়ে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সহজ হয়। তাই শুধু পরীক্ষার ফলের ওপর নির্ভর না করে বিভিন্ন পদ্ধতিতে শেখার অগ্রগতি যাচাই করা দরকার।
শ্রেণিকক্ষের পরিবেশ নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ হওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে কথা বলতে, প্রশ্ন করতে এবং পাঠে অংশ নিতে পারে, সেদিকে শিক্ষককে নজর দিতে হবে।
পরিকল্পিত পাঠদান, বৈচিত্র্যময় কার্যক্রম, উপযুক্ত শিক্ষণ উপকরণ এবং প্রয়োজনীয় প্রযুক্তির সমন্বয় শিক্ষার্থীদের পাঠে মনোযোগ ধরে রাখতে সহায়তা করতে পারে।