হোম > শিক্ষা

ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দিতে ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সময়সূচি বহাল রেখেছে। সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাও নির্ধারিত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ ফল প্রকাশ হতে পারে।

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই ভর্তি পরীক্ষা পেছানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত সোমবার ইউজিসি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সভা করে। সভায় আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সুবিধা ও ভর্তি কার্যক্রমের প্রস্তুতি বিবেচনায় পৃথক সিদ্ধান্ত নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর উত্তীর্ণ হলে সাত দিন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এর আগে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রেখেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে আবেদনপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় জিপিএর শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। নতুন সূচি অনুযায়ী, ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি পর্যায়ক্রমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। যোগ্যতা অর্জন করতে না পারলে পারবেন না।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও পিছিয়ে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের এবং ৬ ফেব্রুয়ারি ‘বি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এইউবি) ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তে বহাল রয়েছে। বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি বহাল রেখেছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী, ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ সময়। আর ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনেনি। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সে অনুযায়ী, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নাজমুল হোসেন জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।