হোম > শিক্ষা

একই স্কুলে পড়া শিক্ষার্থীদের পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বার্ষিক পরীক্ষায় পাস করে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে নতুন করে ভর্তি ফি দিতে হবে না শিক্ষার্থীদের। তবে নিয়ম অনুযায়ী প্রতিবছর সেশন চার্জ নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এ কথা বলা হয়েছে।

নীতিমালায় ভর্তি ও আবেদন ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকল্যে ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।

ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।

নীতিমালায় আরও বলা হয়েছে, দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা করতে হবে। সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।