হোম > শিক্ষা

জবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিনের স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ইউনিট-এ (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট-ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট-বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি/সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ ছাড়া এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।