হোম > শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

গত সোমবার ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করা হয়েছিল।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে রাবির মনোনীত শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের হাসমতুল্লাহ, আইন বিভাগের আফসান এলাহী, পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের রমজান আলী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোস্তাকিম খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান এলা, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন, ক্র্যাফটস অ্যান্ড হিস্টোরি বিভাগের মনিকা অ্যামেলিয়া।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শাহিদুল্লাহ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছা. মরিয়ম খাতুন, মার্কেটিং বিভাগের শামীমা ফাসমিন শান্তা, অর্থনীতি বিভাগের মোছা. ইসরাত জাহান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোবাশ্বিরা আনজুম, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের মোছা. আজমিরা খাতুন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জাবিদ হাসান, গ্রাফিক ডিজাইন, ক্র্যাফটস অ্যান্ড হিস্টোরি বিভাগের খাদিজাতুল কুবরা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের অতুল মহার্জন।

২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন সংগীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস, আইন বিভাগের মোছা. জান্নাতুন নাঈম মিতু, ফার্মেসি বিভাগের মোছা. জান্নাতুল মাওয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. নাহিদ হাসান বাধন, সমাজবিজ্ঞান বিভাগের মোছা. হোসনে আরা বেগম, প্রাণিবিদ্যা বিভাগের আল-আমিন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রাবেয়া বসরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ হাসিব চেরাগী, পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের মুনমুন নাহার এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের সোমি রওনিয়ার।

ইউজিসির নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বাড়ানো এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কার চালু করা হয়। অনার্স পর্যায়ে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর ইউজিসি এ আয়োজন করে।

ইউজিসি সূত্রে জানা গেছে, শুরুতে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ চালু করা হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালে এ পুরস্কারের নীতিমালা সংশোধন করা হয়। সংশোধিত নীতিমালার আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ পান।