জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
বিভাগ সূত্রে জানা যায়, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ তম ব্যাচ) মো. আল ইমরান, যিনি টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। একই ব্যাচের রিফা সাজদা তাসনিম টোলেডো বিশ্ববিদ্যালয়ের জৈব-চিকিৎসা প্রকৌশল বিভাগে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) করার সুযোগ পেয়েছেন।
এছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) রিয়াদুস সালেহ আইওয়া স্টেট ইউনিভার্সিটি এবং মানিশা আহমেদ বিংহ্যামটন ইউনিভার্সিটিতে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হয়েছেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের (১১তম ব্যাচ) সালভিন মুস্তাকিম সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) মেহেরুন নেসা আইওয়া স্টেট ইউনিভার্সিটি-তে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন।
এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস বলেন, ‘বিভাগের এই ছয়জন শিক্ষার্থীর এমন সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তাঁদের এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।’