হোম > শিক্ষা

মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর যা জানতে হবে

মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর নতুন পরিবেশ, নতুন পড়াশোনা ও ভিন্নধর্মী পরীক্ষাপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে অনেকের সময় লাগে। শুরুতে কিছু বিষয় জানা থাকলে পথচলা সহজ হয়। নতুন শিক্ষার্থীদের জন্য নিজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় হওয়া ফারিহা রহমান।

ফারিহা রহমান

ফারিহা রহমান।

মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর প্রথম চ্যালেঞ্জ হলো নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। নতুন বন্ধু ও পরিবেশের পাশাপাশি অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির মতো বিষয়ও নতুনভাবে পড়তে হয়। তাই শুরু থেকে পড়াশোনা ও দৈনন্দিন রুটিন গুছিয়ে নেওয়া জরুরি।

ঢাকার বাইরে থেকে এসে হলে থাকলে হলের পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে হবে। কয়েকজন সিনিয়রের সঙ্গে যোগাযোগ রাখলে পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যায়। নতুন পরিবেশে মানিয়ে নিতে ভালো যোগাযোগ দক্ষতাও প্রয়োজন।

আইটেম, কার্ড, টার্ম, অসপি ও প্রফেশনাল পরীক্ষা কী

আইটেম হলো নির্দিষ্ট টপিকের ওপর ১০ নম্বরের মূল্যায়ন। কয়েকটি আইটেম শেষ হলে হয় কার্ড পরীক্ষা। কয়েকটি কার্ডের বিষয়বস্তু নিয়ে হয় টার্ম পরীক্ষা। তাই শুরু থেকে নিয়মিত আইটেমের প্রস্তুতি নেওয়া উচিত। অসপি বা অবজেকটিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হলো ব্যবহারিক দক্ষতা ও জ্ঞান যাচাইয়ের একটি কাঠামোবদ্ধ পরীক্ষা। এতে একাধিক স্টেশন থাকে। নির্দিষ্ট সময়ে প্রতিটি স্টেশনের কাজ সম্পন্ন করতে হয়। পুরো এমবিবিএস শিক্ষাজীবনে চারটি প্রফেশনাল পরীক্ষা হয়। এগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষা। প্রতিটি প্রফেশনাল পরীক্ষার সঙ্গে নির্দিষ্ট বিষয় ও ব্যবহারিক মূল্যায়ন যুক্ত থাকে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির ওপর নির্ভর না করে শুরু থেকে নিয়মিত পড়াশোনা করা ভালো।

ক্লাস, ল্যাব, ওয়ার্ড ও পড়াশোনার ধরন

বর্তমান পাঠ্যক্রমে ওয়ার্ডে প্রশিক্ষণ আগের তুলনায় কিছুটা আগে শুরু হচ্ছে। তবে কোন বর্ষ থেকে ওয়ার্ড শুরু হবে, তা পাঠ্যক্রম ও কলেজভেদে ভিন্ন হতে পারে। ওয়ার্ডে শুরু থেকে চিকিৎসা পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। রোগীর সঙ্গে কথা বলা, তাঁর সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং কীভাবে হিস্ট্রি নিতে হয়—এসব বিষয় সরাসরি ওয়ার্ডে শেখা যায়।

শুধু রোগীর ফাইল বা পরীক্ষার প্রতিবেদনের ওপর নির্ভর না করে নিজে রোগীর হিস্ট্রি নেওয়ার অভ্যাস করা জরুরি। রোগীর সমস্যা কী, কখন থেকে শুরু হয়েছে এবং কী কী উপসর্গ রয়েছে, সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। রোগীর সঙ্গে যোগাযোগ ও হিস্ট্রি নেওয়ার দক্ষতা চিকিৎসাশিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

নিয়মিত ক্লাসের পাশাপাশি ওয়ার্ডে থাকলে সকাল ও সন্ধ্যার ওয়ার্ডে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে। সম্ভব হলে ইভনিং ওয়ার্ডেও নিয়মিত অংশ নেওয়া ভালো। এতে রোগীর সঙ্গে যোগাযোগ এবং হাতে-কলমে শেখার সুযোগ পাওয়া যায়।

পড়াশোনা কীভাবে গুছিয়ে নেবেন

মেডিকেলের পড়াশোনা ধারাবাহিকভাবে করতে হয়। কয়েক দিন পড়া বাদ দিলে দ্রুত পড়া জমে যেতে পারে। তাই যেদিনের পড়া, সেদিনই যতটা সম্ভব শেষ করার অভ্যাস করা ভালো। আজকের পড়া কাল বা পরশুর জন্য রেখে দিলে ধীরে ধীরে পড়া জমতে থাকে। পরে আইটেম, কার্ড ও টার্ম একসঙ্গে সামনে এলে চাপ বেশি মনে হয়। তাই প্রতিদিনের আইটেমের পড়াকে নিয়মিত পড়াশোনার অংশ হিসেবে শেষ করার চেষ্টা করা উচিত।

এতে আইটেমের প্রস্তুতির পাশাপাশি পরবর্তী কার্ড, টার্ম ও প্রফেশনাল পরীক্ষার জন্যও প্রস্তুতি তৈরি হয়। নিজের সুবিধা অনুযায়ী নোট তৈরি করাও উপকারী। মূল বিষয় হলো পড়াগুলো এমনভাবে সংরক্ষণ করা, যাতে পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়া যায়।

সময় ব্যবস্থাপনা কীভাবে করবেন

মেডিকেল কলেজে ক্লাস, ল্যাব, ওয়ার্ড, আইটেম, ব্যক্তিগত পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে চলতে থাকে। তাই শুরু থেকে সময় ব্যবস্থাপনার অভ্যাস করা উচিত। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো। প্রতিদিন কতটুকু পড়বেন, কখন রিভিশন করবেন এবং কখন বিশ্রাম নেবেন—এসবের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন।

পড়াশোনায় পিছিয়ে গেলে কী করবেন

এমন সময় আসতে পারে, যখন মনে হবে অনেকটা পড়া বাকি রয়েছে। তখন আতঙ্কিত না হয়ে কোথা থেকে শুরু করতে হবে, সেটি ঠিক করা জরুরি। একসঙ্গে সব জমে থাকা পড়া শেষ করার চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে এগোনো যায়। সামনে যে আইটেম বা মূল্যায়ন রয়েছে, সেটিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি পুরোনো পড়াও ধীরে ধীরে শেষ করতে হবে।

সিনিয়র-জুনিয়র সম্পর্ক

মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সম্পর্ক শিক্ষাজীবনের একটি অংশ। নতুন শিক্ষার্থীরা শুরুতে অনেক কিছুই জানেন না। কোন বই পড়বেন, কীভাবে পড়বেন, কোন পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, কোন বিষয় কতটা গুরুত্ব দেবেন—এসব ক্ষেত্রে অভিজ্ঞ সিনিয়রদের পরামর্শ কাজে আসতে পারে।

তাই সিনিয়রদের সঙ্গে সুস্থ ও সম্মানজনক সম্পর্ক তৈরি করার চেষ্টা করা উচিত। কোনো বিষয়ে আটকে গেলে প্রশ্ন করতেও দ্বিধা করা উচিত নয়। তাঁদের অভিজ্ঞতা থেকে বই, পড়ার কৌশল, পরীক্ষা ও কলেজজীবনের বিভিন্ন ব্যবহারিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে সিনিয়রদের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের প্রয়োজন ও শেখার ধরন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।

নতুনদের জন্য পরামর্শ

মেডিকেল কলেজের জীবনে সব সময় সবকিছু সহজ না-ও হতে পারে। কখনো পড়াশোনার চাপ, ফল বা নিজের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে কঠিন সময় আসতে পারে। তখন নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি। অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের অগ্রগতির দিকে মনোযোগ দেওয়া ভালো। পাঁচ বছরের এই শিক্ষাজীবনে ভালো ফলের পাশাপাশি একজন দক্ষ, দায়িত্বশীল এবং মানবিক চিকিৎসক হয়ে ওঠার প্রস্তুতিও নিতে হবে।

তাই পড়াশোনার পাশাপাশি চিকিৎসাবিদ্যার ব্যবহারিক দক্ষতা, রোগীর সঙ্গে যোগাযোগ এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার বিষয়েও মনোযোগ দিতে হবে। কোনো দিন খারাপ গেলে হতাশ না হয়ে ভুল থেকে শিখে আবার শুরু করতে হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে।

গ্রন্থনা: নুসরাত জাহান অর্পিতা