হোম > শিক্ষা

‘ফার্মের মুরগি’ সম্বোধনের অভিযোগ

এবার সংসদ ভবনের দিকে যাত্রা করল আন্দোলনরত পরীক্ষার্থীরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আন্দোলনরত একদল শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের দিকে রওনা দেন। ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে আন্দোলনরত একদল শিক্ষার্থী এবার জাতীয় সংসদ ভবনের দিকে রওনা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করে। এর আগে বিকেল পৌনে ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার ঘোষণা দিলেও পরে কর্মসূচির গন্তব্য পরিবর্তন করে জাতীয় সংসদ ভবনের দিকে রওনা হয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজী আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী বলে, ‘এটা একটি ব্যস্ত সড়ক। তাই দীর্ঘ সময় অবরোধ করে রাখা ঠিক হবে না। আমরা প্রতিনিধি নির্বাচন করে শিক্ষা বোর্ডে যেতে চেয়েছিলাম। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের দিকে যাচ্ছি।’

এর আগে দুপুর পৌনে ১২টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে দুপুরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হয়।

বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

মুহসীন হলের সামনে বাধা পেরিয়ে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। পরে বেলা পৌনে ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে যায়। বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করে।

এ সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা গ্রহণ করেনি বলে জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নেওয়ার পর আমরা তাদের আলোচনার প্রস্তাব দিই। একপর্যায়ে তারা জানায়, পাঁচ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল আমাদের সঙ্গে কথা বলবে। কিন্তু পরে আর কথা না বলেই তারা চলে যায়।’

পরে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। সেখানে তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে। এ সময় তারা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আপস না, সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

আন্দোলনকারীরা তিন দফা দাবি তুলে ধরেছে। দাবিগুলো হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা; বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা আগামীকাল বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে বেলা সোয়া ৩টার দিকে সড়ক ছেড়ে দেয়।

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ ‎জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬

পদার্থ পরীক্ষার ৬-৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে বোর্ড, প্রয়োজনে ‘পূর্ণ নম্বর’

প্রাথমিকের বৃত্তিতে যমজ বোনের জোড়া সাফল্য

ঢাবির খেলার মাঠে কই-মাগুর মাছ ছাড়ল ডাকসু

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই শিক্ষকের বিদ্যালয়

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

৫৩ পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনের বৃত্তি, আলোচনায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়