হোম > শিক্ষা

নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে বৃত্তি

শিক্ষা ডেস্ক

নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যবিমা, ভিসা ও প্রি-একাডেমিক প্রশিক্ষণের সুবিধা পাবেন।

মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়টিতে দেশ-বিদেশের ১৯ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

যেসব সুবিধা পাওয়া যাবে

১৩ মাসের মাস্টার্স প্রোগ্রামের জন্য জীবনযাত্রার খরচ হিসেবে ১৫ হাজার ৯২৫ ইউরো এবং ২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩০ হাজার ৬২৫ ইউরো দেওয়া হবে। এ ছাড়া প্রায় ৭০০ ইউরোর স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমা, ভিসার খরচ, সম্পূর্ণ টিউশন ফি এবং প্রি-একাডেমিক প্রশিক্ষণের খরচ বহন করা হবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

স্বাস্থ্য, চিকিৎসা ও জীবনবিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা ও অর্থনীতি, মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স, কলা ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা যাবে।

যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

ইইউ, ইইএ সুইজারল্যান্ড বা সুরিনামের বাইরের দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। ইইউ/ইইএভুক্ত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না। ২০২৭ শিক্ষাবর্ষের পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। আগের শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। ১ সেপ্টেম্বর ২০২৭ তারিখে বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।

আবেদনের সময় সর্বোচ্চ দুই পৃষ্ঠার সিভি, এক পৃষ্ঠার মোটিভেশন লেটার, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট এবং একজন রেফারির যোগাযোগের তথ্য জমা দিতে হবে।

যেভাবে আবেদন

প্রথমে Studielink.nl-এর মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামে নিবন্ধন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন আবেদন ফরম পূরণ এবং রেফারেন্স লেটার পাঠানোর ব্যবস্থা করতে হবে। আবেদনের লিংক

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭।