তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর আবেদন চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
রোটারি ইন্টারন্যাশনাল তাইওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এই বৃত্তি দেওয়া হয়। মেধাবী ও আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা করাই এর মূল লক্ষ্য। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, সেবা ও শান্তির চেতনা গড়ে তোলাও এ বৃত্তির উদ্দেশ্য।
বৃত্তির আওতায় টিউশন ফি ও গবেষণার খরচে আর্থিক সহায়তা দেওয়া হবে। ডিগ্রির স্তর অনুযায়ী বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার নিউ তাইওয়ান ডলার পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া টিউশন, বই, আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের খরচও বৃত্তির আওতায় থাকবে। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য একটি রোটারি ক্লাব ও একজন পরামর্শক নির্ধারণ করা হবে। তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বৃত্তিপ্রাপ্তরা রোটারির বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা এবং সাবেক শিক্ষার্থীদের কার্যক্রমে অংশ নিতে পারবেন। বৃত্তির মেয়াদে অন্তত একটি আলোচনা বা কার্যক্রমে অংশ নিতে হবে।
এ ছাড়া ২০২৭ সালের মে মাসের শেষ নাগাদ পড়াশোনা এবং তাইওয়ানে অবস্থানের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের দুই কপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। এ ছাড়া আত্মজীবনী, পড়াশোনার উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম বা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ জমা দিতে হবে। আরও লাগবে:
প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের আন্তর্জাতিক ভর্তি বিভাগে জমা দিতে হবে। আবেদনকারীদের মধ্যে নথিপত্র যাচাইয়ের পর প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। নির্বাচিত না হলে আলাদাভাবে জানানো হবে না। বৃত্তিটি এনডিএইচইউ অ্যাওয়ার্ড, এনডিএইচইউ সাউথবাউন্ড স্কলারশিপ, এনডিএইচইউ এলিট স্কলারশিপ, এনডিএইচইউ এক্সিলেন্ট পিএইচডি স্কলারশিপ, এমওই এলিট স্কলারশিপ, এমওই তাইওয়ান স্কলারশিপ এবং এমওএফএ তাইওয়ান স্কলারশিপের সঙ্গে সাংঘর্ষিক নয়।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬