টিম ম্যানেজমেন্ট
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার ডিজিটাল বিজনেসের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন জি এম ফরিদ হোসেন।
বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে টিম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদের দক্ষতা কাজে লাগানো যায়, পারস্পরিক আস্থা বাড়ে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়।
টিম ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। টিমের সদস্যদের জানতে হবে তাঁদের কাজের উদ্দেশ্য কী এবং তাঁদের কাজ প্রতিষ্ঠানের বৃহত্তর লক্ষ্যে কীভাবে ভূমিকা রাখছে। শুধু ‘ভালো ফল করতে হবে’ ধরনের সাধারণ নির্দেশনা যথেষ্ট নয়। লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট, বাস্তবসম্মত, পরিমাপযোগ্য এবং সময়সীমাবদ্ধ। এতে দায়িত্ববোধ বাড়ে এবং কাজের অগ্রগতি যাচাই করা সহজ হয়।
লক্ষ্য নির্ধারণের পর প্রয়োজন সঠিকভাবে দায়িত্ব বণ্টন। একজনের যে কাজে বেশি দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, তাঁকে সেই দায়িত্ব দেওয়াই কার্যকর ব্যবস্থাপনার অংশ। দক্ষতা, অভিজ্ঞতা, আগ্রহ ও সম্ভাবনা বিবেচনায় দায়িত্ব ভাগ করা হলে কর্মীদের সক্ষমতা ভালোভাবে কাজে লাগানো যায় এবং পুরো টিমের কার্যকারিতা বাড়ে।
টিম ম্যানেজমেন্টে যোগাযোগের গুরুত্ব অনেক। একজন টিম লিডার শুধু নির্দেশ দেবেন, আর সদস্যরা তা পালন করবেন—এমন পদ্ধতি সব সময় কার্যকর নয়। দলের সদস্যদের কথাও শোনা উচিত। দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে সমস্যার কারণ জানা যায়, নতুন ধারণা পাওয়া যায় এবং পারস্পরিক আস্থা বাড়ে। নিয়মিত বৈঠক, কাজের অগ্রগতি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় তথ্য সময়মতো জানানো টিমে স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে।
একজন ভালো টিম লিডার শুধু কাজ আদায় করেন না, সদস্যদের দক্ষতা বাড়াতেও সহায়তা করেন। ভুল হলে অপমান বা ভয় দেখানোর পরিবর্তে ভুলের কারণ খুঁজে দেখা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা কর্মীকে উন্নতির সুযোগ দেয়। তাই প্রশংসা ও সংশোধনের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। ভালো কাজের স্বীকৃতি প্রকাশ্যে দেওয়া গেলেও ব্যক্তিগত দুর্বলতা বা সংশোধনের বিষয় ব্যক্তিগতভাবে আলোচনা করা ভালো।
বিশ্বাস একটি কার্যকর টিমের গুরুত্বপূর্ণ ভিত্তি। যেখানে নেতৃত্ব কর্মীদের ওপর আস্থা রাখে না, সেখানে কর্মীদের মধ্যেও প্রতিষ্ঠানের প্রতি পূর্ণ দায়বদ্ধতা তৈরি হওয়া কঠিন। অতিরিক্ত নজরদারি ও অযথা হস্তক্ষেপের পরিবর্তে দায়িত্ব দেওয়া, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবং কাজের স্বাধীনতা কর্মীদের মধ্যে দায়িত্ববোধ বাড়ায়। তবে স্বাধীনতার সঙ্গে জবাবদিহিও থাকতে হবে। আস্থা মানে নিয়ন্ত্রণহীনতা নয়, বরং স্পষ্ট দায়িত্বের ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া।
একটি টিমে মতভেদ থাকা স্বাভাবিক। ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির মানুষ একসঙ্গে কাজ করলে মতের পার্থক্য থাকবেই। সমস্যা মতভেদে নয়, সেটি কীভাবে সামলানো হচ্ছে তাতে। মতবিরোধকে ব্যক্তিগত আক্রমণে পরিণত হতে দেওয়া উচিত নয়। বিষয়, তথ্য ও যুক্তির ভিত্তিতে আলোচনা করতে হবে। ব্যবস্থাপকের দায়িত্ব হলো সবার কথা শোনা, সমস্যার কারণ চিহ্নিত করা এবং ন্যায্য সমাধানের চেষ্টা করা। পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে টিমের ঐক্য ও আস্থায় প্রভাব ফেলতে পারে।
একটি টিমে বয়স, লিঙ্গ, অঞ্চল, শিক্ষা, অভিজ্ঞতা ও চিন্তার ভিন্নতা থাকতে পারে। এই বৈচিত্র্যকে সম্মান করা হলে, তা নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গির সুযোগ তৈরি করে। তাই কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ, সমান সুযোগ এবং পারস্পরিক সম্মানের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
দীর্ঘদিন একটি টিমকে কর্মক্ষম রাখতে কর্মীদের সুস্থতার দিকেও নজর দিতে হবে। অতিরিক্ত কাজ, অবাস্তব সময়সীমা এবং পর্যাপ্ত ছুটির অভাব কর্মীদের ক্লান্ত ও অনুৎসাহী করে তুলতে পারে। কাজের চাপের ভারসাম্য, বিশ্রামের সুযোগ, প্রয়োজনীয় নমনীয়তা এবং মানবিক আচরণ কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে।
প্রযুক্তি ও কাজের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই টিমের সদস্যদের নিয়মিত নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, মেন্টরিং এবং কাজের পর্যালোচনার মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করা যায়। টিম লিডার নিজেও শেখার মানসিকতা দেখালে অন্য সদস্যরা উৎসাহিত হন। নিজের কাজ ও আচরণের মাধ্যমে উদাহরণ তৈরি করাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ।
দায়িত্ব দেওয়ার পর কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। কে কী কাজ করবেন, কখন করবেন এবং কী ফল প্রত্যাশিত, তা শুরুতেই পরিষ্কার থাকা উচিত। কাজ আশানুরূপ না হলে শুধু ব্যক্তিকে দোষারোপ না করে সমস্যার কারণ খুঁজে দেখা দরকার। প্রয়োজনীয় সম্পদ, প্রক্রিয়া বা যোগাযোগের কোনো ঘাটতি ছিল কি না, সেটিও বিবেচনা করতে হবে। এতে দায়িত্ববোধ বজায় থাকে এবং একই ভুলের পুনরাবৃত্তি কমানো সম্ভব হয়।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ব্যবসায়িক উদ্যোগে কার্যকর টিম ম্যানেজমেন্টের প্রয়োজন বাড়ছে। তরুণ কর্মীদের উদ্যম, অভিজ্ঞ কর্মীদের জ্ঞান এবং নেতৃত্বের সুস্পষ্ট দিকনির্দেশনা একসঙ্গে কাজে লাগাতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। এ জন্য অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রয়োজন। কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া, সাফল্যের কৃতিত্ব ভাগ করে নেওয়া এবং ব্যর্থতার দায় এড়িয়ে না যাওয়ার মাধ্যমে নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়।
টিম ম্যানেজমেন্ট মূলত কর্মী পরিচালনার চেয়ে কর্মীদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। টিমের সদস্যদের সম্মান করা, তাঁদের কথা শোনা, দায়িত্ব পালনের স্বাধীনতা দেওয়া এবং অভিন্ন লক্ষ্য সামনে রাখা এর গুরুত্বপূর্ণ অংশ।
একটি দক্ষ দলও দুর্বল নেতৃত্ব, অস্পষ্ট লক্ষ্য ও পারস্পরিক অবিশ্বাসের কারণে কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। তাই প্রযুক্তি ও অবকাঠামোর পাশাপাশি টিম গঠনের সংস্কৃতিতেও গুরুত্ব দিতে হবে। দক্ষ, দায়িত্বশীল ও সমন্বিত জনবলই একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের মূল শক্তি।