হোম > শিক্ষা

প্রধান শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। আজ বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ৯টা হতে শুরু হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

আরও বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া প্রার্থীদের সাত ধরনের কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কাগজপত্রগুলো হলো—শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র; অভিজ্ঞতার সনদপত্র; সব যোগদানপত্র ও নিয়োগপত্র; এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সব কাগজপত্র; প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র; জাতীয় পরিচয়পত্র (এনআইডি); এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে পরীক্ষা হয়। ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেন ৪৮ হাজার ১৪৬ জন। গত ২২ এপ্রিল এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ পরীক্ষার্থী।