হোম > শিক্ষা

যুক্তরাজ্যে সুদমুক্ত ‘শরিয়াহ সম্মত’ শিক্ষাঋণ চালুর পরিকল্পনা, রাজনৈতিক বিতর্ক

আজকের পত্রিকা ডেস্ক­

ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইতিমধ্যেই শিক্ষার্থীদের কাছে শরিয়াহ-সম্মত ঋণের প্রচার চালাচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে সুদমুক্ত ‘শরিয়াহ সম্মত’ সরকারি স্টুডেন্ট লোন বা শিক্ষাঋণ চালুর প্রস্তুতি নিচ্ছে কয়েকটি শীর্ষস্থানীয় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই ঋণ সুবিধা চালু হতে পারে বলে প্রকাশিত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে এই নতুন অর্থায়ন পদ্ধতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের মতে, এই উদ্যোগ ব্রিটেনে একটি ‘দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা’ তৈরি করবে, যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।

ইসলামি শরিয়াহ আইনে সুদে অর্থ লেনদেন নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম শিক্ষার্থী সাধারণ সরকারি স্টুডেন্ট লোন নেওয়া থেকে বিরত থাকেন। এই জটিলতা কাটাতে ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয় (ডিএফই) ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ (এএসএফ) নামের এই বিকল্প তহবিল তৈরির উদ্যোগ নিয়েছে।

শরিয়াহ সম্মত ঋণ যেভাবে কাজ করবে

নতুন এই ঋণ ব্যবস্থার মূল ভিত্তি হলো ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ ধারণা, যা মূলত একটি যৌথ বা পারস্পরিক সহায়তা ব্যবস্থা।

প্রচলিত স্টুডেন্ট লোনের ক্ষেত্রে মূল অর্থের ওপর যে নির্দিষ্ট হারে সুদ হিসাব করা হয়, এই নতুন ব্যবস্থায় সেই সমপরিমাণ অর্থ ‘অনুদানি’ বা ‘অবদান’ হিসেবে পরিশোধ করবেন শিক্ষার্থীরা। ফলে একজন সাধারণ শিক্ষার্থী এবং শরিয়াহ ঋণ গ্রহণকারী শিক্ষার্থীকে চূড়ান্তভাবে একই পরিমাণ অর্থ ফেরত দিতে হবে।

তবে মূল পার্থক্য হলো—প্রচলিত ঋণের থেকে আদায় করা সুদের টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। কিন্তু শরিয়াহ লোনের মাধ্যমে সংগৃহীত এই ‘অবদান’ বা অর্থ পৃথকভাবে গচ্ছিত (Ring-fenced) রাখা হবে, যা ভবিষ্যতে কেবল এই বিকল্প শরিয়াহ ঋণগ্রহণকারী নতুন শিক্ষার্থীদের তহবিল হিসেবে ব্যবহৃত হবে।

যুক্তরাজ্যের ব্রিস্টল, লিডস, নিউক্যাসল এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনসহ (ইউসিএল) বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের সম্ভাব্য ভর্তিচ্ছুর উদ্দেশ্যে এই সুদমুক্ত ঋণের বিজ্ঞাপন প্রকাশ শুরু করেছে।

রাজনৈতিক বিতর্ক ও সমালোচকদের যুক্তি

এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে ডানপন্থী রিফর্ম ইউকে দলের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এটিকে ‘ব্রিটিশ মূল্যবোধের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘লেবার সরকারের এই বিতর্কিত পদক্ষেপ ব্রিটিশ শিক্ষায় এক ধরনের দ্বিমুখী নীতি এবং বিভক্ত সমাজ তৈরির দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের শরিয়াহ সম্মত ব্যবস্থা ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সমান্তরাল প্রতিষ্ঠান গড়ে তোলার ঝুঁকি বাড়ায়।’

সরকারি কোষাগারের অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, ‘সরকারি পূর্বাভাস অনুযায়ী যুক্তরাজ্যের প্রায় অর্ধেক শিক্ষাঋণ কখনোই পুরোপুরি পরিশোধ হয় না। সুতরাং এই শরিয়াহ ঋণও যদি শিক্ষার্থীরা ফেরত দিতে ব্যর্থ হয়, তবে শেষ পর্যন্ত ব্রিটিশ করদাতাদেরই সেই বিল মেটাতে হবে।’

উল্লেখ্য, এই বিকল্প অর্থায়ন ব্যবস্থাটি নকশা করার জন্য ‘ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’-কে সাড়ে ৩ লাখ পাউন্ডেরও বেশি সরকারি অর্থ প্রদান করা হয়েছিল।

মুসলিম শিক্ষার্থীদের অবস্থান ও সরকারি প্রতিক্রিয়া

২০২১ সালে ‘মুসলিম সেন্সাস’-এর করা এক জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের প্রায় ৩৯ হাজার মুসলিম শিক্ষার্থীর ৮০ শতাংশই প্রচলিত সুদের ঋণের কারণে মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। প্রায় ৭১ শতাংশের মতে, প্রচলিত ঋণ ব্যবস্থা মুসলিমদের জন্য বৈষম্যমূলক।

যদিও ‘ইউকে ফতোয়া কাউন্সিল’ বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মত অনুযায়ী শিক্ষার তাগিদে প্রচলিত ঋণ নেওয়া জায়েজ, তবুও নীতিগত কারণে হাজার হাজার মুসলিম তরুণ-তরুণী উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়ছেন বলে দাবি শিক্ষা বিশেষজ্ঞদের।

সমালোচনা নাকচ করে ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স মুসলিম শিক্ষার্থীদের বাড়তি কোনো সুবিধা দেবে—এমন দাবি সম্পূর্ণ অসত্য।’

তিনি স্পষ্ট করেন, ‘সাধারণ ঋণের মতোই সব শিক্ষার্থীকে সমপরিমাণ অর্থ ফেরত দিতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে যাবে এবং ধর্মের কারণে কাউকে আর উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতে হবে না।’

শিক্ষা মন্ত্রণালয় জানায়, কেবল মুসলিমদের জন্যই নয়, যেকোনো শিক্ষার্থী চাইলে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই শরিয়াহ সম্মত বিকল্প শিক্ষাঋণের জন্য আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ